Homeস্পোর্টসদম ফেলার ফুরসত নেই শান্তদের, পরিকল্পনা নিয়ে বড় প্রশ্ন

দম ফেলার ফুরসত নেই শান্তদের, পরিকল্পনা নিয়ে বড় প্রশ্ন

সিলেট টেস্ট ড্র করার ঠিক পরদিনই, দক্ষিণ আফ্রিকার বিমান ধরেছেন জাতীয় দলের এক ঝাঁক ক্রিকেটার। বাকিরা দেশ ছাড়বেন বুধবার। ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের আগে পুরো দল অনুশীলন করার সুযোগ পাবে মাত্র দুই দিন। এত গুরুত্বপূর্ণ এক সফরের আগে এমন তড়িঘড়ি প্রস্তুতি টাইগারদের সফর পরিকল্পনা নিয়েই তুলে দিচ্ছে বড় প্রশ্ন।

খেলোয়াড়দের ক্লান্তি কাটিয়ে ওঠারও যেন কোনো সুযোগ নেই। দুবাই থেকে ঢাকা, সেখান থেকে সিলেটের টেস্ট খেলে এবার সোজা দক্ষিণ আফ্রিকার বিমান—বিশ্রামের সুযোগ বলতে গেলে মিলছেই না।

অথচ বাংলাদেশ সবশেষ টেস্ট জয় পেয়েছিল ডারউইনে, যেখানে অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারায় টাইগাররা। তবে সেই জয়ের নেপথ্যে ছিল সঠিক পরিকল্পনা। টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে দল সেখানে পৌঁছেছিল খেলা শুরুর প্রায় দুই সপ্তাহ আগে, খেলেছিল তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও।

বাংলাদেশ ‘এ’ দলের সহকারী কোচ হিসেবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর করে আসা সাবেক অধিনায়ক রাজিন সালেহ মনে করেন, জাতীয় দলেরও আগেভাগে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলা উচিত ছিল। তবে ঠাসা সূচির কারণে হয়ত সেটা সম্ভব হয়নি বলে মানছেন তিনি।

মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে রাজিন বলেন, ‘আমার মতে, আগে গিয়ে সেখানকার উইকেটে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে দ্রুত খাপ খাইয়ে নেওয়া সহজ হতো। তবে এখন মাত্র দুই দিনের অনুশীলন নিয়ে কথা বলে লাভ নেই। ওরা সবাই পেশাদার খেলোয়াড়। যত দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে, আমাদের জন্যই তত ভালো।’

যদিও জাতীয় দল সবশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল, তবে তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখদের জন্য অভিজ্ঞতাটা তুলনামূলক টাটকা। চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরেই বাংলাদেশ ‘এ’ দল ও ইমার্জিং দলের হয়ে সেখানে খেলে এসেছেন তারা।

পেস ও বাউন্সের দেশে যাওয়ার আগে ঘরের মাঠে স্পিনবান্ধব উইকেট বানানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন রাজিন। তার কথায়, ‘সামনে যখন দক্ষিণ আফ্রিকা সফর, তখন ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেট কেন বানানো হলো? কেন পেসবান্ধব বা হালকা ঘাস ও বাউন্সের উইকেট করা হলো না? তেমনটা হলে আমাদের প্রস্তুতিটা এখানেই স্বতঃস্ফূর্তভাবে ভালো হতো।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের রেকর্ডও বেশ উদ্বেগজনক। ২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত সেখানে আটটি টেস্ট খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ, যার মধ্যে পাঁচটিই ছিল ইনিংস ব্যবধানে হার। তাছাড়া সিরিজের প্রথম টেস্টটি হতে যাচ্ছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে, যেখানে এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

স্বাগতিক স্কোয়াডে আছেন ছয় পেসার, উইকেট কেমন হবে সহজেয় অনুমেয়।  সেখানে টাইগারদের এই অপ্রতুল প্রস্তুতি সিরিজের ফল নিয়ে বাড়তি দুশ্চিন্তারই কারণ হতে পারে।

 

RELATED ARTICLES

Most Popular