হান্সি ফ্লিকের ফুটবল দর্শন নিয়ে প্রশ্ন নতুন নয়। হাই লাইন ডিফেন্স, হাই প্রেসিং আর প্রতিপক্ষকে নিজেদের অর্ধে আটকে রেখে খেলার কৌশলব দিয়ে অপেক্ষাকৃত দুর্বল দলগুলোকে সহজেই ঘায়েল করা যায়। কিন্তু প্রতিপক্ষ যখন ইউরোপের সেরা দলগুলোর একটি, তখন কি একই কৌশলে সফল হওয়া সম্ভব?
বিশেষকরে পিএসজি ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর আরও জোরালো হয়েছিল সেই প্রশ্নটি। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও শুরুতে সেই পুরোনো দুর্বলতাই সামনে আসে। কিন্তু এবার ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনা বুঝিয়ে দিল, সেরাদের বিপক্ষেও ফ্লিকের কৌশল এখনো সমান কার্যকর।
রোববার মেত্রোপলিতানোতে অ্যাতলেতিকোকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ফেরমিন লোপেজের জোড়া গোলে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে কাতালানরা। তাতে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে তিন পয়েন্টের ব্যবধানও অক্ষুণ্ন রেখেছে দলটি। তবে এই জয়ের গুরুত্ব শুধু তিন পয়েন্টে সীমাবদ্ধ নয়। ফ্লিকের কৌশল নিয়ে তৈরি হওয়া সংশয়ের জবাবও মিলেছে ম্যাচটিতে।
অথচ কয়েক সপ্তাহ আগেও পরিস্থিতি ছিল ভিন্ন। পিএসজি ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরপর দুই হারে বড় ধাক্কা খেয়েছিল বার্সেলোনার আত্মবিশ্বাস। বিশেষ করে দুই ম্যাচেই প্রতিপক্ষের গতিময় আক্রমণের সামনে বারবার উন্মুক্ত হয়ে পড়েছিল তাদের রক্ষণ। ফ্লিকের আক্রমণাত্মক কৌশল এবং হাই লাইন ডিফেন্সের সুযোগ নিয়েছিল দুই প্রতিপক্ষই।
সেই ব্যর্থতার পর প্রশ্ন উঠেছিল, বড় দলগুলোর বিপক্ষে ফ্লিকের কৌশল আদৌ কতটা নির্ভরযোগ্য? প্রতিপক্ষ যখন দ্রুতগতিতে প্রেসিং ভেঙে বেরিয়ে আসতে পারে, তখন একই কৌশলে খেলে যাওয়াটা কতটা যৌক্তিক?
সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য অ্যাতলেতিকোর চেয়ে কঠিন প্রতিপক্ষ খুব কমই হতে পারত। বিশেষ করে গত মৌসুমে দুটি কাপ প্রতিযোগিতা থেকে বার্সেলোনাকে বিদায় করে দিয়েছিল দিয়েগো সিমিওনের দল। ফলে এবারও হেরে গেলে ফ্লিকের কৌশল নিয়ে সমালোচনা আরও তীব্র হতো। এমনকি তার নিজের খেলোয়াড়দের মনেও সংশয় তৈরি হওয়ার আশঙ্কা ছিল।
ম্যাচের শুরুতে অবশ্য মনে হচ্ছিল, পিএসজি কিংবা রিয়ালের বিপক্ষের গল্পটাই বুঝি আবার ফিরে আসছে। বার্সেলোনার প্রেসিং ভেঙে একের পর এক আক্রমণে উঠছিল অ্যাতলেতিকো। দ্রুত পাসে মাঝমাঠ পেরিয়ে ফ্লিকের রক্ষণভাগের পেছনে জায়গা বের করে নিচ্ছিল স্বাগতিকরা। বারবার গোলরক্ষক হুয়ান গার্সিয়ার সামনে সুযোগ তৈরি হচ্ছিল।
অ্যাতলেতিকো সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। কিন্তু গোলের সামনে স্বাগতিকদের ব্যর্থতা বার্সেলোনাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয়। ফেরমিন লোপেজের গোলে সমতায় ফেরার পর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে সফরকারীরা।
বিরতির পর দেখা যায় অন্য এক বার্সেলোনাকে। প্রথমার্ধে যে দলটি প্রতিপক্ষের গতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছিল, দ্বিতীয়ার্ধে তারাই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে শুরু করে। বলের দখল নিজেদের কাছে রেখে দ্রুত পাসে প্রতিপক্ষের রক্ষণে জায়গা বের করতে থাকে তারা। আক্রমণের পাশাপাশি রক্ষণেও ছিল দারুণ সংগঠিত।
বিশেষ করে বল হারানোর পর বার্সেলোনার প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। প্রতিপক্ষ পাল্টা আক্রমণে যাওয়ার আগেই প্রেসিংয়ের মাধ্যমে বল পুনরুদ্ধার করছিল ফ্লিকের দল। ফলে অ্যাতলেতিকোর খেলোয়াড়েরা প্রথমার্ধে যেভাবে বার্সেলোনার রক্ষণভাগের পেছনে জায়গা পাচ্ছিলেন, দ্বিতীয়ার্ধে সেই সুযোগ অনেকটাই সীমিত হয়ে যায়।
পরিস্থিতি বদলাতে একাধিক খেলোয়াড় পরিবর্তন করেন সিমিওনে। কিন্তু তাতেও ম্যাচের গতিপথ বদলায়নি। বরং নিজেদের ছন্দ ধরে রেখে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বার্সেলোনা। শেষ পর্যন্ত ফেরমিনের দ্বিতীয় গোল নিশ্চিত করে তাদের দারুণ প্রত্যাবর্তনের জয়।
ম্যাচ শেষে জোড়া গোলের নায়ক ফেরমিন লোপেজও স্বীকার করেছেন, শুরুটা মোটেও সহজ ছিল না। মুভিস্টার প্লাসকে তিনি বলেন, ‘প্রথমার্ধে পরিস্থিতি কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি এবং দারুণ একটি ম্যাচ খেলেছি। শুরুতে নিজেদের সেরা ছন্দে ছিলাম না, তবে গোল পাওয়ার পর অনেক বেশি স্বচ্ছন্দ হয়ে উঠেছিলাম।’
সাম্প্রতিক দুই হারে সমর্থকদের হতাশার বিষয়টিও অজানা ছিল না বার্সেলোনার খেলোয়াড়দের। ফেরমিন তাই অ্যাতলেতিকোর বিপক্ষে জয়কে দেখছেন নিজেদের সামর্থ্যের প্রমাণ হিসেবে। ক্লাবের সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘আমরা জানতাম, আগের দুই হারে সমর্থকেরা কিছুটা হতাশ ছিলেন। কিন্তু এই ম্যাচে আমরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি।’
ফ্লিকের কাছেও তাই এই জয়টির গুরুত্ব অন্যরকম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক থেকে দশের মধ্যে জয়ের গুরুত্ব কতটা, এমন প্রশ্নে জার্মান কোচের সংক্ষিপ্ত উত্তর, ‘১০।’
সেই উত্তরের পেছনে কারণও আছে। ফ্লিক বরাবরই নিজের আক্রমণাত্মক ফুটবল দর্শনের ওপর আস্থাশীল। প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলার পরিবর্তে নিজেদের কৌশলেই তাদের চাপে রাখতে চান তিনি। পিএসজি ও রিয়ালের বিপক্ষে ব্যর্থতার পরও সেই দর্শন থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি।
অ্যাতলেতিকোর বিপক্ষে জয় যেন তার সেই অনড় অবস্থানেরই পুরস্কার। তবে বার্সেলোনা যে শুধু গোল করে প্রতিপক্ষকে হারাতে পারে, তা নয়; প্রয়োজন হলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে প্রতিপক্ষের আক্রমণও স্তব্ধ করে দিতে পারে, এই ম্যাচে সেটিও দেখিয়েছে তারা।
অবশ্য একটি জয়েই বার্সেলোনার সব দুর্বলতা দূর হয়ে গেছে, এমনটা বলার সুযোগ নেই। প্রথমার্ধে অ্যাতলেতিকোর তৈরি করা সুযোগগুলোই মনে করিয়ে দিয়েছে, ফ্লিকের কৌশলে এখনো ঝুঁকি রয়েছে। তবে সেই ঝুঁকি সামলে ম্যাচের মধ্যেই নিজেদের বদলে ফেলার সামর্থ্যও যে বার্সেলোনার আছে, সেটির বড় প্রমাণ মিলেছে মেত্রোপলিতানোতে।
