গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ দ্য ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে থাকা একজন পুরুষ, একজন নারী ও একটি শিশুর মরদেহ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, মরদেহগুলো বর্তমানে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তের জন্য পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসি বলেন, মোটরসাইকেলটি কীসের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
