Homeস্পোর্টস‘ধামাচাপা দেওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে’, ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনায় ওয়ার্নার

‘ধামাচাপা দেওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে’, ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনায় ওয়ার্নার

২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি সামলানোর বিষয়টিকে ‘ধামাচাপা দেওয়ার চেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন ডেভিড ওয়ার্নার। এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তীব্র সমালোচনা করেছেন সাবেক এই ওপেনার। 

কেপটাউনের ‘স্যান্ডপেপারগেট’ ঘটনায় জড়িত থাকার দায়ে এক বছর নিষিদ্ধ হওয়া সাবেক এই ওপেনার দাবি করেছেন, ওই ঘটনায় ‘দায়সারা তদন্ত’ করা হয়েছিল।

শনিবার ইনস্টাগ্রামে ওয়ার্নার লিখেছেন, ‘আমার জানা মতে, ২০১৮ সালের তদন্তে সিএ জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক বা নাথান লায়নের সাক্ষাৎকার নেয়নি।’

‘যদি এটি সত্যি হয়, তবে সিএ কীভাবে এই ধারণা প্রচার করে যে বোলাররা কিছুই জানতেন না? দেখে মনে হচ্ছে, শুরু থেকেই তারা ঠিক করে রেখেছিল কাদের ওপর দোষ চাপাবে। সেই উদ্দেশ্য হাসিল করতেই তারা একটি দায়সারা তদন্ত চালিয়েছিল এবং এখন বোলাররা কিছুই জানতেন না—এমন মিথ্যা বয়ান ধরে রাখতে চাইছে। এর পেছনে বিষয়টি ধামাচাপা দেওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে।’

চলতি সপ্তাহে উসমান খাজা তার আত্মজীবনী প্রকাশ করার পর কেপটাউনের তৃতীয় টেস্টে ঘটে যাওয়া সেই ঘটনার পুরনো ক্ষত আবারও সামনে চলে আসে। বইটিতে খাজা অভিযোগ করেছেন, বলে সুইং করানোর উদ্দেশ্যে শিরিষ কাগজ (স্যান্ডপেপার) দিয়ে বল ঘষার পরিকল্পনার কথা পুরো দলই জানত।

২০২১ সালে এক যৌথ বিবৃতিতে স্টার্ক, হ্যাজলউড, লায়ন এবং প্যাট কামিন্স প্রকাশ্যে দাবি করেছিলেন, ওই পরিকল্পনার বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না।

শুক্রবার বর্তমান টেস্ট অধিনায়ক কামিন্স এক দীর্ঘ সংবাদ সম্মেলনে খাজার সাম্প্রতিক দাবিগুলোকে ‘শতভাগ ভুল’ বলে উড়িয়ে দেন। এর জবাবে ওয়ার্নার অভিযোগ করেন, কামিন্স তার ঘনিষ্ঠ বন্ধু খাজাকে ‘বিপদের মুখে ঠেলে দিয়েছেন’।

এদিকে, চলতি সপ্তাহে স্টার্কও জানিয়েছেন, ‘মাঠে কী নেওয়া হয়েছিল সে সম্পর্কে আমরা অবগত ছিলাম না।’ হ্যাজলউড ও লায়ন এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ক্রিকেট অস্ট্রেলিয়া নতুন করে তদন্ত শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়েছে। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সব খেলোয়াড়কেই সামনে এসে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল।

সিএ-র এক মুখপাত্র বলেন, ‘আমরা আগেও যেমনটি বলেছি, প্রাথমিক তদন্তের সময় সব খেলোয়াড়কেই কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল এবং এরপর থেকে গত আট বছরে নতুন কোনো প্রমাণ নিয়ে সামনে আসার সুযোগও তাদের ছিল। পরবর্তীতে, সিএ বর্তমান ও সাবেক প্রতিটি খেলোয়াড়ের নিজস্ব বক্তব্য তুলে ধরার অধিকারকে সম্মান জানিয়েছে।’

 

RELATED ARTICLES

Most Popular