Homeসারাদেশনড়াইলের সহিংসতাকে হিন্দুদের ওপর হামলা বলে ভারতীয় কিছু গণমাধ্যমে প্রচার

নড়াইলের সহিংসতাকে হিন্দুদের ওপর হামলা বলে ভারতীয় কিছু গণমাধ্যমে প্রচার

নড়াইলে রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলার ঘটনায় তথ্য বিকৃত করে সেগুলোকে হিন্দুদের ওপর বড় ধরনের সাম্প্রদায়িক হামলা হিসেবে তুলে ধরছে কয়েকটি ভারতীয় গণমাধ্যম। এর মধ্যে সুপরিচিত কয়েকটি সংবাদমাধ্যমও রয়েছে।

তথ্য বিকৃত করার পাশাপাশি ওই গণমাধ্যমগুলো বেনামি সূত্র থেকে পাওয়া তথ্য কোনো যাচাই ছাড়াই প্রকাশ করেছে। এমনকি, কয়েকটি প্রতিবেদনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ-সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের পোস্ট ও পেজের বরাত দেওয়া হয়েছে।

এসব গণমাধ্যমের মধ্যে রয়েছে জি ২৪ ঘণ্টা, রিপাবলিক ওয়ার্ল্ড, এবিপি আনন্দ, নিউজ১৮ বাংলা এবং হিন্দুস্তান টাইমস বাংলা।

হামলায় ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা নিয়ে তারা যে তথ্য প্রচার করছে, অধিকাংশ ক্ষেত্রেই সেই সংখ্যা বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষ ও মূলধারার গণমাধ্যমের নিশ্চিত করা সংখ্যার চেয়ে অনেক বেশি।

গত ২০ নভেম্বর নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর ও আশপাশের এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। এর দুদিন আগে সেখানে মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় দুই বিএনপি নেতা নিহত হন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের কর্মীরা ওই হামলা চালিয়েছিলেন।

দ্য ডেইলি স্টারের সরেজমিন প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের সহিংসতায় অন্তত ৪০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালান বলে জানা যায়। এর মধ্যে রয়েছেন নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়ি।

তবে ভারতের কয়েকটি গণমাধ্যম ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ২০০ থেকে ৩০০ বলে উল্লেখ করেছে (১, ২, ৩, ৪, ৫)। তাদের দাবি, এসব বাড়ি হিন্দু ধর্মাবলম্বী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের।

২১ নভেম্বর ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা দাবি করে, নড়াইল ও পাবনায় ‘৩০০টি হিন্দু বাড়ি’ পুড়িয়ে দেওয়া হয়েছে।

ভিডিওটিতে ঘটনাটিকে হিন্দুদের বাড়িঘর লক্ষ্য করে অগ্নিসংযোগের ঘটনা হিসেবে বর্ণনা করা হলেও, বাড়ির সংখ্যা কিংবা সেগুলো হিন্দুদের বাড়ি কি না—এসব দাবির পক্ষে কোনো প্রমাণ বা সূত্র উল্লেখ করা হয়নি।

ভারতের ডিজিটাল সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড ‘নড়াইলে শত শত হিন্দু বাড়িঘরে আগুন, লুটপাট ও ভাঙচুর’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে।

অন্যদিকে, নিউজ১৮ বাংলা জানায়, হিন্দু ও আওয়ামী লীগ-সমর্থকদের ‘২০০টি বাড়ি’ পুড়িয়ে দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমস বাংলাও হিন্দু ও আওয়ামী-সমর্থকদের প্রায় ২০০টি বাড়িতে আগুন দেওয়ার দাবি করে। এবিপি আনন্দ ও পুবের কলম হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া এবং আওয়ামী লীগ সমর্থকদের সম্পত্তি লক্ষ্য করে হামলার কথা উল্লেখ করে শিরোনাম প্রকাশ করে।

তবে এসব প্রতিবেদনের কোনোটিতেই তাদের উল্লেখ করা সংখ্যা বা দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

হিন্দুস্তান টাইমস বাংলা ও এবিপি আনন্দ তাদের দাবির সূত্র হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের কথা উল্লেখ করেছে।

দ্য ডেইলি স্টার রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউজ১৮ বাংলা, জি ২৪ ঘণ্টা, রিপাবলিক ওয়ার্ল্ড এবং হিন্দুস্তান টাইমস বাংলার কাছে এ বিষয়ে তাদের বক্তব্য জানতে ইমেইল পাঠায়। তবে রাত ১১টার দিকে প্রতিবেদন প্রস্তুতের সময় পর্যন্ত কোনো সংবাদমাধ্যমই জবাব দেয়নি।

তবে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ঘটনাটি ভিন্নভাবে তুলে ধরে। তারা হামলার লক্ষ্যবস্তু হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মালিকানাধীন সম্পত্তির কথা উল্লেখ করে।

দ্য টেলিগ্রাফ জানায়, এ ধরনের প্রায় ৩০টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহিংসতাকে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হিসেবে বর্ণনা করে।

সাম্প্রতিক অতীতে ভারতের একাংশের গণমাধ্যম একাধিকবার একই ধরনের অপতথ্য ছড়িয়েছে। বাংলাদেশভিত্তিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালে নিউজ১৮, রিপাবলিক ওয়ার্ল্ড ও জি নিউজসহ ভারতের ৭৩টি গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অপতথ্য-সংবলিত ১৪০টি প্রতিবেদন প্রকাশ করেছে।

দ্য ডেইলি স্টার ২১ নভেম্বর বেন্দারচর সরেজমিনে পরিদর্শন করে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পায়। সবগুলো বাড়ির মালিক আওয়ামী-সংশ্লিষ্ট মুসলিম ব্যক্তি।

নড়াইল জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেন্দারচরে কোনো হিন্দু পরিবারের বসবাস নেই। সাম্প্রদায়িক হামলার খবর মিথ্যা ও বানোয়াট।

বেন্দারচর থেকে প্রায় চার কিলোমিটার দূরে বড় কালিয়া গ্রামের প্রধান হিন্দু-অধ্যুষিত এলাকা ঘোষপাড়া। স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা কেবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষের বাড়িটিকেই লক্ষ্যবস্তু করেছিল। পাড়াটির অন্য কোনো বাড়িতে হামলা হয়নি।

ঘোষপাড়ার বাসিন্দা গোপী ঘোষ নিশ্চিত করেন, কৃষ্ণপদ ঘোষের বাড়ি ছাড়া ওই এলাকার আর কোনো বাড়িতে হামলা হয়নি।

রোববার দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘ফেসবুকে যেসব দাবি করা হচ্ছে, এগুলো ডাহা মিথ্যা।’

ওই এলাকার আরেক বাসিন্দা বৈশাখী ঘোষ জানান, তারা শান্তিতে বসবাস করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিগুলো মিথ্যা বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে আওয়ামীপন্থী কয়েকটি ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকেও একই ধরনের দাবি ছড়ানো হয়েছে।

১ লাখ ৭১ হাজার ফলোয়ার থাকা ‘মুজিব ক্রনিকলস’ নামে একটি পেজের পোস্টে দাবি করা হয়, প্রায় ২০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে। পোস্টটিতে প্রায় ১০ হাজার প্রতিক্রিয়া ও ৭৬৬টি মন্তব্য এসেছে এবং ২ হাজার ৭০০টি শেয়ার হয়েছে। অন্য একটি পোস্টেও ভুয়া দাবি করা হয়, নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে দুই হিন্দু কিশোরীকে অপহরণ করা হয়েছে।

টিম ৭১ ও টেলেন্ট কান্তি দাসসহ আওয়ামী-সংশ্লিষ্ট অন্য অ্যাকাউন্টগুলো দাবি করে, নড়াইলে ২০০টির বেশি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। একটি পোস্টে নড়াইল, পাবনা ও চট্টগ্রাম মিলিয়ে এ সংখ্যা ৩০০ বলে উল্লেখ করা হয়।

কয়েকটি পোস্টে (১, ২) ‘#হিন্দুনিধন’ এবং এমন আরও হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। কিছু পোস্টে বিএনপি নেতাদের এসব হামলার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

পোস্টগুলোতে বারবার দাবি করা হয়, সাংবাদিকদের ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি মূলধারার গণমাধ্যমের বিরুদ্ধে নীরব থাকার অভিযোগও তোলা হয়।

তবে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাবলু রোববার রাতে ডেইলি স্টারকে বলেন, সাংবাদিকদের এ ধরনের কোনো বাধার মুখে পড়তে হয়নি।

RELATED ARTICLES

Most Popular