Homeস্পোর্টসনিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

নিরাপত্তাশঙ্কার কারণে কাতারে অনুষ্ঠিতব্য ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের দলকে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে জানানো হয়, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায়’ দলের প্রাক-টুর্নামেন্ট প্রস্তুতি ক্যাম্প বাতিল করার পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

এই সিদ্ধান্তের পেছনে কাতারে ভ্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা তৃতীয় স্তরের সতর্কতা এবং দেশটিতে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বিষয়ে জারি করা নির্দেশনার কথা উল্লেখ করেছে ফেডারেশন।

চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুস্থতাই সব সময় আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’

বুধবারই খেলোয়াড়দের নিজ নিজ ক্লাবকে বিষয়টি অবগত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। পাশাপাশি ফিফা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানোর আগপর্যন্ত খেলোয়াড়দের এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার অনুরোধ করা হয়েছে।

এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ফিফা।

গত মাসে কাতার নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যেফ দেশটিতে যাওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। সতর্কবার্তায় সৌদি আরবের বিভিন্ন বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার বিষয়টিও উল্লেখ করা হয়।

আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ৪৮ দলের এই টুর্নামেন্ট। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল যুক্তরাষ্ট্রের। এরপর ‘জে’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া।

গত বছরও কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। সেবার গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছিল দলটি। আগামী ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর কাতারেই এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে ফিফার।

RELATED ARTICLES

Most Popular