Homeঅর্থনীতিমিথ্যা ঘোষণায় সিগারেট তৈরির প্ল্যান্ট আমদানি, মূল্য দেখানো হয়েছে ২৫ ভাগের ১...

মিথ্যা ঘোষণায় সিগারেট তৈরির প্ল্যান্ট আমদানি, মূল্য দেখানো হয়েছে ২৫ ভাগের ১ ভাগ

প্যাকিং ও র‍্যাপিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে সিগারেট তৈরি ও প্যাকেটজাতের সাতটি মেশিনের একটি পূর্ণাঙ্গ প্ল্যান্ট আমদানি করেছে ঢাকার একটি প্রতিষ্ঠান। একই সঙ্গে চালানটির মূল্য দেখানো হয়েছে প্রকৃত আনুমানিক মূল্যের প্রায় ২৫ ভাগের ১ ভাগ।

এতে কম মূল্য ঘোষণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের আশঙ্কা করছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

গতকাল রাতে চট্টগ্রাম বন্দরে বাস্তবিক পরীক্ষার পর এই আমদানি সরঞ্জাম আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করে।

গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা বিল অব এন্ট্রিতে পণ্যগুলোকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। ছয়টি প্যাকেজে আনা চালানটির জন্য প্যাকিং ও র‍্যাপিং মেশিনের এইচএস কোডও ব্যবহার করা হয়।

তবে কাস্টমস গোয়েন্দাদের পরীক্ষায় এতে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিন পাওয়া যায়। এগুলোর মধ্যে আছে—এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন ও সেলোফেন ওভারর‍্যাপার।

অর্থাৎ, শুধু প্যাকিং সরঞ্জাম নয়, সিগারেট উৎপাদনের মূল মেশিনসহ পূর্ণাঙ্গ উৎপাদনের সব যন্ত্রপাতি আমদানি করা হয়েছে।

চালানটির ইনভয়েস মূল্য দেখানো হয়েছে মাত্র ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। বিপরীতে, সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ডলার।

এ হিসাবে ঘোষিত মূল্যের চেয়ে আনুমানিক মূল্য প্রায় ২৫ গুণ বেশি। দুই মূল্যের ব্যবধান ৪ লাখ ২৫ হাজার ৪০০ ডলার।
এভাবে পণ্যের মূল্য কম দেখিয়ে আমদানির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের আশঙ্কা আছে। তবে মেশিনগুলোর মডেল, বয়স, অবস্থা এবং তুলনাযোগ্য আমদানিমূল্য যাচাই করে চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আমদানি নথি অনুযায়ী, সাড়ে পাঁচ টনের চালানটি খালাসের দায়িত্বে রয়েছে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইআইডি আরও জানায়, দেশে সিগারেট উৎপাদনের সঙ্গে যুক্ত প্রায় ২৯টি প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে এ ধরনের যন্ত্রপাতি আমদানি হওয়া সমীচীন। আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হবে।

অধিদপ্তরের আশঙ্কা, এ ধরনের সংশ্লিষ্টতা ছাড়া সিগারেট উৎপাদনের যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে পরিচিত ব্র্যান্ড এবং শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে বাজারজাত করার সুযোগ তৈরি হতে পারে।

এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত এবং সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

RELATED ARTICLES

Most Popular