দিলারা আক্তারের টানা দ্বিতীয় ফিফটিও দলের হার এড়াতে পারল না; আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার সিক্সে ওঠার পথ কঠিন করে ফেলল বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে সোমবার ‘বি’ গ্রুপের ম্যাচে ডাচদের কাছে ৫ উইকেটে হেরেছে সোবহানা মোশতারির দল।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ। জবাবে স্টেরে কালিসের দারুণ ব্যাটিংয়ে ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস।
পাঁচ দলের গ্রুপে তিন ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে বাংলাদেশ। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল জায়গা পাবে সুপার সিক্সে। তাই শেষ চারের এই ধাপে যেতে হলে বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারানোর কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে কেবল জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকেও।
ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা মন্দ ছিল না। ওপেনার দিলারা আক্তার এক প্রান্ত আগলে রেখে ৪৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন। তবে অন্য প্রান্তে কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে ২০ রান করেন জ্যোতি। এছাড়া স্বর্ণা আক্তার ও শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ১৯ রান করে।
নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে সবচেয়ে সফল অফ-স্পিনার হিদার সিগার্স। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। পেসার হান্নাহ ল্যান্ডহির শিকার ২ উইকেট।
১৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৪তম ওভারে ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল নেদারল্যান্ডস। বাংলাদেশের বোলাররা তখন জয়ের স্বপ্নই দেখছিলেন। কিন্তু ম্যাচের চিত্র পাল্টে দেন স্টেরে কালিস। ৫০ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ষষ্ঠ উইকেটে ফ্রেডেরিক ওভারডিকের (অপরাজিত ১২) সঙ্গে তার অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতেই ১৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ডাচরা।
বাংলাদেশের পক্ষে লেগ-স্পিনার রাবেয়া খান ২২ রানে ২ উইকেট নেন। একটি করে উইকেট পান সানজিদা আক্তার মেঘলা ও রিতু মনি।
টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস।
আগামী ২০, ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্বের ম্যাচগুলো। এই পর্বে উত্তীর্ণ প্রতিটি দল অপর গ্রুপ থেকে আসা তিনটি দলের মুখোমুখি হবে। সুপার সিক্স শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল খেলবে ২৫ নভেম্বরের ফাইনালে।
