আট বছর আগের এক ঘটনা। শাস্তি হয়েছে, তদন্তও শেষ। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটের সেই কলঙ্কিত অধ্যায় যেন কিছুতেই অতীত হচ্ছে না। উসমান খাওয়াজার আত্মজীবনীতে উঠে আসা বিস্ফোরক অভিযোগ নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে দেশটির ক্রিকেটে। এবার সেই অভিযোগের জবাব দিতে সামনে এলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
২০১৮ সালের আলোচিত স্যান্ডপেপার কাণ্ডের পরিকল্পনায় নিজের জড়িত থাকার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অজিদের টেস্ট অধিনায়ক। এমনকি সাবেক সতীর্থ খাওয়াজার বক্তব্যকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অর্থহীন’ বলেও মন্তব্য করেছেন। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এত দিন পর আর এই বিতর্ক নিয়ে কথা বলতে চান না তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সিডনিতে দীর্ঘ সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কামিন্স। প্রায় ৬৮ মিনিট ধরে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দেন তিনি। সেখানে খাওয়াজার অভিযোগ প্রত্যাখ্যান করার পাশাপাশি সাবেক সতীর্থের বক্তব্যে নিজের হতাশা ও ক্ষোভও প্রকাশ করেন তিনি।
বিতর্কের সূত্রপাত খাওয়াজার সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘সবর’ থেকে। মঙ্গলবার প্রকাশিত বইটিতে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সেই বল বিকৃতির ঘটনা নিয়ে নতুন দাবি তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার। তার বক্তব্য, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন। শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের ওপর দায় চাপিয়ে দেওয়াটা ঠিক হয়নি।
অথচ সে সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে উঠে এসেছিল ভিন্ন চিত্র। তদন্ত শেষে বলা হয়েছিল, বল বিকৃতির পরিকল্পনায় সরাসরি জড়িত ছিলেন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট। সেই অনুযায়ী তিনজনকেই শাস্তি দেওয়া হয়।
তবে খাওয়াজার নতুন দাবি সামনে আসার পর আবারও প্রশ্ন উঠেছে, সেদিন আসলে কতজন ক্রিকেটার বিষয়টি জানতেন? বিশেষ করে সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার খাওয়াজার বক্তব্যকে শতভাগ সঠিক বলে সমর্থন জানানোয় বিতর্ক আরও জোরালো হয়েছে।
এবার সেই বিতর্কের জবাব দিতে এসে খাওয়াজার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন কামিন্স, ‘খাজা যখন বলছে আমরা সবাই জানতাম, তার অর্থ যদি হয় যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানা ছিল, তাহলে সে শতভাগ ভুল বলছে। গত আট বছর ধরেই আমি একই কথা বলে আসছি। আমি জানতাম না, এমন কিছু ঘটছে।’
তবে কামিন্সের আপত্তি শুধু পুরো দলের বিষয়টি জানার অভিযোগ নিয়ে নয়। তার মতে, খাজা আরও গুরুতর একটি দাবি তুলেছেন। সেটি হলো, বল বিকৃতির পরিকল্পনা তৈরির পেছনেও নাকি তাঁর এবং অন্য ক্রিকেটারদের ভূমিকা ছিল।
কামিন্স বলেন, ‘উসমান আসলে আরও গুরুতর কিছু কথা বলেছে। সে বলেছে, স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনার অন্যতম কারিগর ছিলাম আমি এবং আরও কয়েকজন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও অর্থহীন কথা।’
সেই সময় দলের বোলারদের মধ্যে বল বিকৃতির কোনো সম্মিলিত পরিকল্পনা ছিল না বলেও দাবি করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, ‘অবৈধ উপায়ে বল বিকৃতির কোনো বড় পরিকল্পনা ছিল না। কোনো গোপন পরিকল্পনা হয়নি, এ নিয়ে দলের কোনো বৈঠকও হয়নি। বোলাররা একসঙ্গে বসে এমন কিছু করার সিদ্ধান্ত নেয়নি।’
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের এক পাশ ঘষতে দেখা গিয়েছিল ব্যানক্রফটকে। টেলিভিশন ক্যামেরায় বিষয়টি ধরা পড়ার পরই শুরু হয় তোলপাড়। তদন্ত শেষে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যদিকে ব্যানক্রফটকে দেওয়া হয় নয় মাসের নিষেধাজ্ঞা।
দীর্ঘদিন পর সেই ঘটনার দায় পুরো দলের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে বলে মনে করছেন কামিন্স, ‘এখানে কয়েক ধরনের বক্তব্য রয়েছে। তাদের দুজনের বক্তব্য সামনে এসেছে। কিন্তু সেদিন ড্রেসিংরুমে ১১ জন ক্রিকেটার ছিল। অর্থাৎ আরও নয়জনের বক্তব্য আছে। আমার মনে হয়, তাদের কথাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।’
সংবাদ সম্মেলনে খাওয়াজার বইয়ের আরেকটি বিষয় নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন কামিন্স। আত্মজীবনীতে খাওয়াজা জানিয়েছেন, স্যান্ডপেপার ব্যবহারের সময় ব্যানক্রফটকে সতর্ক থাকতে বলেছিলেন তিনি। এমন বক্তব্য কামিন্সের কাছে অপ্রত্যাশিত।
তিনি বলেন, ‘এই সপ্তাহে জানতে পেরে আমি সত্যিই অবাক হয়েছি যে, উসমান নিজেই স্বীকার করেছে, স্যান্ডপেপার ব্যবহারের সময় ক্যামেরনকে সতর্ক থাকতে বলেছিল। আমি যে উসমানকে চিনি, সে এমন নয়।’
কামিন্সের মতে, গত আট বছরে অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতিতে যে পরিবর্তন আনার চেষ্টা হয়েছে, সেখানে খাওয়াজারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই তার কাছ থেকে এমন বক্তব্য আশা করেননি তিনি।
এদিকে খাজার আত্মজীবনীতে আরও একটি বিষয় নিয়ে আপত্তি জানিয়েছেন কামিন্স। পাকিস্তানে জন্ম নেওয়া খাওয়াজা বইয়ে দাবি করেছেন, নিজের গায়ের রং ও পারিবারিক পটভূমির কারণে অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে পারেননি তিনি।
এই অভিযোগও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন বর্তমান অধিনায়ক, ‘এই সপ্তাহে যত কিছু পড়েছি, তার মধ্যে এটিই সম্ভবত সবচেয়ে গুরুতর বিষয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে হলে নির্দিষ্ট গায়ের রঙের মানুষ হতে হবে, এমন বক্তব্যের সঙ্গে আমি কোনোভাবেই একমত নই।’
২০১৮ সালের ঘটনা নিয়ে খাওয়াজার বইয়ে আরও বলা হয়েছে, বল বিকৃতির দায় পুরো দলের নেওয়া উচিত ছিল বলে তিনি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু দুজন ক্রিকেটার তাতে আপত্তি জানিয়েছিলেন।
সেই দাবিও মনে করতে পারছেন না কামিন্স। তার বক্তব্য, ‘সম্মিলিতভাবে দায় নেওয়া নিয়ে কোনো আলোচনার কথা আমার মনে নেই। ফলে ওই দুজন কারা, সেটিও জানি না। কারণ এমন কোনো প্রস্তাব কিংবা আলোচনা আমার মনে পড়ছে না।’
কামিন্স জানিয়েছেন, ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের সময় তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেদিন তিনি যা বলেছিলেন, এখনো একই অবস্থানে রয়েছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘সেই তদন্তে আমাকেও অংশ নিতে বলা হয়েছিল। আমি পুরোপুরি সত্য কথা বলেছিলাম। তখন থেকে এখন পর্যন্ত আমার বক্তব্য একই আছে। কিছুই বদলায়নি।’
অবশ্য দীর্ঘ সংবাদ সম্মেলনে খাওয়াজার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও সামনে এসেছে। কামিন্স জানিয়েছেন, খাওয়াজা এখনো তার বন্ধু। কিন্তু বন্ধুত্বের অর্থ এই নয় যে, কারও জীবন ও সুনাম নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা যায়।
তিনি বলেন, ‘উসমান আমার বন্ধু। কিন্তু বন্ধুরা একে অন্যের জীবন ও সুনাম নিয়ে এত হালকাভাবে কথা বলে না। নিজের বইয়ে উসমান আমার জীবন, আরও অনেকের জীবন এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটের সুনাম নিয়ে যথেষ্ট দায়িত্বহীন আচরণ করেছে।’
তবে এত অভিযোগের পরও খাওয়াজার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন না কামিন্স। যদিও কিছু বক্তব্য মানহানিকর হতে পারে বলে তাকে পরামর্শ দেওয়া হয়েছে। কামিন্স বলেন, ‘এই সপ্তাহে আমাকে জানানো হয়েছে, কিছু বক্তব্য সম্ভবত মানহানিকর। কিন্তু আমি আইনি ব্যবস্থা নেব না। আমাদের সামনে এগোতে হবে। আট বছর হয়ে গেছে। আমরা সামনে এগোচ্ছি। কোথাও না কোথাও একটা সীমারেখা টানতেই হবে।’
এদিকে খাওয়াজার অভিযোগের পরও স্যান্ডপেপার কাণ্ড নিয়ে নতুন তদন্ত শুরু করতে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, পুরোনো তদন্ত পুনরায় খোলার মতো যথেষ্ট কারণ তারা দেখছেন না।
