সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে ফাইনালে ওঠার রাস্তাটা বাংলাদেশের জন্য ভীষণ কঠিন হয়ে পড়েছে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বুধবার আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শুধু জয় পেলেই এই টুর্নামেন্টের ফাইনালে খেলা নিশ্চিত হবে না টাইগারদের, মেলাতে হবে নানা হিসাবনিকাশ।
আগামী শুক্রবারের ফাইনালে জায়গা পাকা করতে হলে নেট রান রেটের মারপ্যাঁচে নির্দিষ্ট গাণিতিক লক্ষ্য পূরণ করতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ আগে ব্যাট করলে:
* বাংলাদেশ যদি ২৩৫ বা তার কম রান করে, তবে জিম্বাবুয়ের চেয়ে রান রেটে এগিয়ে যেতে ম্যাচটি অন্তত ৪১ রানে জিততে হবে।
* বাংলাদেশ যদি ২৩৬ বা তার বেশি রান করে, তবে ৪০ রানের জয়ই যথেষ্ট হবে। সেক্ষেত্রে পুরো টুর্নামেন্টে সামগ্রিক রান তোলার গতিতে জিম্বাবুয়েকে পেছনে ফেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ পরে ব্যাট করলে (রান তাড়ায়):
* ২০১ রানের লক্ষ্য হলে (আফগানিস্তান ২০০ রান করলে) ৪০.৩ ওভারের মধ্যে জিততে হবে। স্কোর সমান থাকা অবস্থায় বাউন্ডারি মেরে জিতলে ৪১.১ ওভার পর্যন্ত সুযোগ পাওয়া যাবে।
* ২৫১ রানের লক্ষ্য হলে (আফগানিস্তান ২৫০ রান করলে) ৪১.৩ ওভারের মধ্যে জয় তুলে নিতে হবে। স্কোর সমান থাকা অবস্থায় বাউন্ডারি মেরে জিতলে ৪২.১ ওভার পর্যন্ত সুযোগ থাকবে।
* ৩০১ রানের লক্ষ্য হলে (আফগানিস্তান ৩০০ রান করলে) ৪২.২ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। স্কোর সমান থাকা অবস্থায় বাউন্ডারি মেরে জিতলে ৪৩.০ ওভার পর্যন্ত খেলার সুযোগ রয়েছে।
উপরের পাঁচটি ক্ষেত্রেই বাংলাদেশ যদি সমীকরণ মেলাতে পারে, তাহলে রান রেটের হিসাবে টাইগারদের পাশাপাশি ফাইনালের টিকিট পাবে আফগানিস্তান।
নেট রান রেটে অনেক এগিয়ে থাকায় পয়েন্ট তালিকায় শক্ত অবস্থানে রয়েছে আফগানিস্তান (+৩.১৬০)। বড় কোনো বিপর্যয় না ঘটলে (১২৯ বা এর চেয়ে বেশি রানের ব্যবধানে হার কিংবা প্রায় ১৬.৫ ওভারের মধ্যে ম্যাচ হেরে যাওয়া) আফগানদের ফাইনাল খেলা একেবারেই নিশ্চিত। তেমনটা ঘটলে অবশ্য তাদেরকে টপকে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ফাইনালে চলে যাবে।
অন্যদিকে, আফগানিস্তান যদি জেতে কিংবা বাংলাদেশ জিতলেও প্রয়োজনীয় সমীকরণ মেলাতে না পারে, তবে আফগানদের সঙ্গী হয়ে ফাইনালে পৌঁছে যাবে জিম্বাবুয়ে। বাংলাদেশ হেরে গেলেও একই চিত্র দেখা যাবে।
