Homeসারাদেশফ্যাসিবাদ ঠেকাতে সরকারকে সিরিয়াস হতে হবে: হামিদুর রহমান আযাদ

ফ্যাসিবাদ ঠেকাতে সরকারকে সিরিয়াস হতে হবে: হামিদুর রহমান আযাদ

দেশে ফ্যাসিবাদ ঠেকাতে সরকারকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

আজ রোববার বিকেলে ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘ফ্যাসিবাদ ঠেকানোর জন্য সরকারকে সিরিয়াস হতে হবে। কারণ, সরকার যদি উপরে বলে ফ্যাসিবাদ ঠেকাব, আবার যাদের পুলিশ গ্রেপ্তার করছে, তাদের জামিনের সময় সরকারি দলের আইনজীবীরা গিয়ে জামিন করান, তাহলে ফ্যাসিবাদ ঠেকাবে কে?’

তিনি দাবি করেন, সম্প্রতি সিলেটের জৈন্তাপুরে বিএনপির এক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগের লোকজনকে জোরপূর্বক নামিয়ে দিয়েছেন বলে জানতে পেরেছেন। 

ক্ষমতার দাপট দেখিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, ‘এর পেছনে কী ঘটেছে, তা জানি না। তবে এ ধরনের কর্মকাণ্ড এবং লেনদেনের বিষয় নিয়ে নানা কথা শোনা যাচ্ছে।’

তিনি বলেন, ‘সরকারি দলের নেতাদের চরিত্র ও ভূমিকা যদি এমন হয়, তাহলে ফ্যাসিবাদকে ঠেকাবে কে? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম।’

জাতীয় ঐক্যের প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, সংসদে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। তবে সংসদ নেতা কিংবা সরকারপ্রধানের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি। ঐক্য গড়তে হলে তার একটি ভিত্তি থাকতে হবে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হতে হবে জাতীয় ঐক্যের ভিত্তি। সংবিধান, স্বাধীনতা রক্ষা, গণতন্ত্রের বিকাশ ও ফ্যাসিবাদ দমনে সরকার আন্তরিক হলে এবং কার্যকর পদক্ষেপ নিলে জাতীয় ঐক্যের আহ্বানে ১১ দল সাড়া দেবে।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘গণভোটের বাস্তবায়ন, গণহত্যার বিচারের মাধ্যমেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে।’

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের যেকোনো এলাকায় কোনো বিঘ্ন ঘটলে তার প্রতিবাদে তারা সোচ্চার ছিলেন, আছেন এবং থাকবেন।

তিনি বলেন, ‘আমাদের এই ভূখণ্ডের কোথাও বিঘ্ন ঘটলে এর প্রতিবাদে আমরা সোচ্চার ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে গোপালগঞ্জের একই বিষয় আমাদের ভূখণ্ড। আর এটা দেখার দায়িত্ব হলো সরকারের।’

সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে মন্তব্য করে হামিদুর রহমান আযাদ বলেন, সরকার যদি তাদের ব্যর্থতা স্বীকার করে, তাহলে জাতির প্রয়োজনে ১১ দল বসে থাকবে না।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে কোনো কর্মসূচি দেওয়া হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে জোটের নেতারা বসে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সংসদ অধিবেশন চলায় নেতারাও ব্যস্ত রয়েছেন। গণমাধ্যমের সামনে তাৎক্ষণিক ঘোষণা দিলেই কর্মসূচি হয় না।

ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের ঐক্যবদ্ধ অবস্থান নিয়েও কথা বলেন তিনি। ১১ দলের মধ্যে ভাঙন তৈরি হয়েছে—এমন আলোচনার বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, কিছু গণমাধ্যম ও সরকারের বিভিন্ন মহলে এ ধরনের আলোচনা রয়েছে। তবে জোটের মধ্যে কোনো ভাঙন নেই।

তিনি বলেন, ‘এই যে ১১ দল আমার চারপাশে আছে, অটুট আছে, একসঙ্গে আছে। ভাঙন কোথায়?’

দেশের পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি না হওয়ায় ১১ দল ভবিষ্যতেও জনগণকে সংগঠিত করে নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular