Homeসারাদেশটুঙ্গিপাড়ায় বিএনপি কার্যালয়ে আগুন-ভাঙচুরের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে

টুঙ্গিপাড়ায় বিএনপি কার্যালয়ে আগুন-ভাঙচুরের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ স্থানীয় বিএনপির।

টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকায় গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

এসময় কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে নিলফা বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে পাটগাতী-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে রাখা হয়।

কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কদর আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিলফা বাজারে গতকাল রাত ৮টার দিকে “জয় বাংলা” স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কয়েকজনকে আটক করেন বিএনপির নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে বিএনপি কার্যালয় ও সমর্থকদের কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।’

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদল সভাপতি এম মোক্তার হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে মিছিল বের করলে আমরা তা প্রতিহতের চেষ্টা করি।’

‘পরে তারা মিছিলে লোকসমাগম বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত নিলফা বাজার থেকে পাটগাতী পর্যন্ত বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে,’ বলেন তিনি।

জানতে চাইল টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী ডেইলি স্টারকে বলেন, ‘নিলফা বাজার এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

RELATED ARTICLES

Most Popular