Homeশিক্ষাবাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, রোকেয়া সরণি অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, রোকেয়া সরণি অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

আগারগাঁওয়ে পুরোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে  বেগম রোকেয়া সরণি অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল ১১টার দিকে কয়েকশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভেতরে জড়ো হয়ে মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, বাণিজ্য মেলার মাঠের জমিটি বিশ্ববিদ্যালয়ের এবং তারা সরকারের কাছে সেখানে শিক্ষার্থীদের জন্য একটি গবেষণা কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের হেঁটে গন্তব্যে যেতে হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাকালে এক শিক্ষার্থী জানান, ওই স্থানে সচিবালয় নির্মাণের পরিকল্পনা বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এক শিক্ষার্থী বলেন, ‘জমিটি বিশ্ববিদ্যালয়ের। আমরা এখানে সচিবালয় চাই না, গবেষণাকেন্দ্র চাই।’

এ দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন শেকৃবি শিক্ষার্থীরা। এর আগে তারা পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢুকে অস্থায়ী স্থাপনা ভাঙচুর করে।

যোগাযোগ করা হলে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।’

গত ১৮ অক্টোবর মন্ত্রিসভা সচিবালয় ওই স্থানে স্থানান্তরের একটি প্রস্তাব অনুমোদন করে।

RELATED ARTICLES

Most Popular