Homeশিক্ষাবাতিল হচ্ছে জার্মানির শিক্ষার্থী ভিসার পুরোনো অপেক্ষমাণ তালিকা, নতুন সিদ্ধান্ত জানাল দূতাবাস

বাতিল হচ্ছে জার্মানির শিক্ষার্থী ভিসার পুরোনো অপেক্ষমাণ তালিকা, নতুন সিদ্ধান্ত জানাল দূতাবাস

আগামী বছরের শুরু থেকে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার আবেদন গ্রহণ শুরু করবে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাসটি।

এতে বলা হয়, নতুন ব্যবস্থায় জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য ভিসা পেতে আগ্রহীদের জার্মান সরকারের ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টালে’র মাধ্যমে আবেদন জমা দিতে হবে। পোর্টালটি আউসল্যান্ডসপোর্টাল  নামেও পরিচিত।

দূতাবাস জানিয়েছে, বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির প্রতিটি ধাপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় দীর্ঘ অপেক্ষার কথা বিবেচনায়, আবেদন প্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে জার্মান দূতাবাস এই ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

নতুন ব্যবস্থায় আবেদনপ্রক্রিয়া আরও সহজ, নথিপত্র যাচাইয়ের কাজ উন্নত ও সরাসরি সাক্ষাৎকারের সময় নির্ধারণ আরও কার্যকর করা যাবে।

জার্মানিতে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ থাকলেও বিদ্যমান অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় দীর্ঘ অপেক্ষা উদ্বেগ তৈরি করত। এমন পরিস্থিতিতে নতুন এই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে দূতাবাস।

নতুন পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা সরাসরি সাক্ষাৎকারে যাওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন। ভিএফএসের মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাই করা যাবে।

সরাসরি সাক্ষাৎকারের সময় মূলত বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজন অনুযায়ী নথিপত্রের প্রাথমিক যাচাই করা হবে। এতে সাক্ষাৎকারের জন্য প্রয়োজনীয় সময় কমে আসবে।

ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা তাদের আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথ আবেদন করার সুযোগও থাকবে।

দূতাবাসের আশা, নতুন ব্যবস্থায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় কমে আসবে এবং সামগ্রিকভাবে ভিসা আবেদন প্রক্রিয়া আরও কার্যকর হবে। তবে প্রতিটি আবেদনের পরিস্থিতি অনুযায়ী ভিসা প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।

নতুন ব্যবস্থায় যাওয়ার অংশ হিসেবে ২০২৬ সালের শেষ নাগাদ বর্তমান পদ্ধতির অধীনে থাকা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করবে দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, অপেক্ষমাণ তালিকায় আগে থেকেই নিবন্ধিত শিক্ষার্থীসহ জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী সবাইকে নতুন করে অ্যাকাউন্ট খুলে কনস্যুলার সার্ভিসেস পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে হবে।

দূতাবাসের ভাষ্য, নতুন ব্যবস্থায় ভিসা আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে এবং আগের তুলনায় অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে।

জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীরা দূতাবাসের নির্ধারিত নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন। আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং বিস্তারিত নির্দেশনা ডিজিটাল পোর্টাল লিঙ্কে এবং দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

RELATED ARTICLES

Most Popular