Homeসারাদেশইশতেহার চান চা শ্রমিকরা, প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নন প্রার্থীরা

ইশতেহার চান চা শ্রমিকরা, প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নন প্রার্থীরা

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে ভোট চাইতে শ্রমিকদের দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা। তবে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে এখনো কোনো প্যানেল নির্বাচনী ইশতেহার প্রকাশ করেনি। 

শ্রমিকরা চান, নির্বাচিত হলে তাদের জন্য কী কাজ করা হবে, তা লিখিতভাবে জানাক প্রার্থীরা। 

কিন্তু প্রতিশ্রুতি দিতে এখনো প্রস্তুত নন কোনো প্রার্থী। ফলে ভোটের আগে প্রার্থীদের কাছে শ্রমিকদের প্রশ্ন, তাদের দাবির বিষয়ে লিখিত অঙ্গীকার কোথায়?

শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইন জানান, দেশের ২৩১টি চা বাগান ও পঞ্চায়েত এলাকায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আগামী ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়নের সাতটি ভ্যালি—লস্করপুর, বালিশিরা, মনু-ধলাই, লংলা, জুড়ী, সিলেট ও চট্টগ্রামে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা। তবে দীর্ঘ আট বছর ধরে কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার প্রায় এক লাখ চা শ্রমিক ভোট দেবেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে এবার ছয় শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের পর প্রচারণাও শুরু হয়েছে। 

তবে এখন পর্যন্ত কোনো প্যানেল ইশতেহার প্রকাশ করেনি। শ্রমিকদের অন্যতম দাবি, নির্বাচিত হলে তাদের জন্য কী কী কাজ করা হবে, সে বিষয়ে প্রার্থীদের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে একটির সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ বলেন, কীভাবে ইশতেহার তৈরি করা যায় এবং সেখানে কোন বিষয়গুলো রাখা যায়, তা নিয়ে তারা আলোচনা করছেন। প্রচারণার জন্য সময়ও খুব কম। তারপরও দ্রুত ইশতেহার প্রকাশের চেষ্টা করবেন তারা।

অন্য প্যানেলের সভাপতি প্রার্থী রাজু গোয়ালা বলেন, তারাও দ্রুত ইশতেহার প্রকাশের পরিকল্পনা করেছেন। তবে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চান না, যা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

চা শ্রমিক গীতা রানী কানু বলেন, চা শ্রমিকেরা দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ যুগের পর যুগ তারা ন্যায্য মজুরি, ভূমির অধিকার, শিক্ষা, চিকিৎসা ও মৌলিক মানবিক মর্যাদা থেকে বঞ্চিত।

তিনি বলেন, বর্তমানে বাজারে পণ্যের দাম বেড়েছে। দৈনিক ১৮৭ টাকা মজুরিতে দুই বেলা ডাল-ভাতের ব্যবস্থা করা যায় না। 

গীতা রানী কানু আরও বলেন, কিছুদিন আগে দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ ও ৫ শতাংশ গেজেট বাতিলের দাবিতে তারা জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন। এর মধ্যেই নির্বাচনের ঘোষণা আসে। রাজপথের আন্দোলনের পাশাপাশি নির্বাচনকেও চা শ্রমিকদের অধিকার আদায়ের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান তারা।

স্থায়ী নারী চা শ্রমিক দুখিয়া রবিদাশ বলেন, এখন পর্যন্ত চা শ্রমিকদের ভূমির মালিকানার অধিকার দেওয়া হয়নি। সিলেটের কোনো চা বাগানেই সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। নামে হাসপাতাল থাকলেও সেখানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নেই। প্রশিক্ষিত নার্স বা মিডওয়াইফও নেই। বছরের পর বছর কাজ করেও অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা হয় না। ওজনে ঠকানোসহ নানা অনিয়মের শিকার হতে হয় তাদের।

তিনি আরও বলেন, চা বাগানের সেকশনে খাবার পানি ও শৌচাগার না থাকায় নারী শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়। শ্রম আইনের অনেক অগণতান্ত্রিক ধারা চা শ্রমিকদের অধিকার সীমিত করে রেখেছে। এর মধ্যে চা বাগানের জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র ও মসলা চাষসহ বিভিন্ন প্রকল্প চালুর উদ্যোগ বাগানগুলোর জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।

আরেক চা শ্রমিক মহিমা উরাং বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় লড়াই গড়ে তোলার বিকল্প নেই। বর্তমান বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আপসহীন ও লড়াকু নেতৃত্ব বেছে নিতে না পারলে আবারও শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।

চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস বলেন, শ্রমিকদের মৌলিক অধিকারসংশ্লিষ্ট দাবিগুলো নির্বাচনী ইশতেহারে থাকা উচিত। এর মধ্যে রয়েছে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ এবং পূর্ণাঙ্গ রেশন চালু করা। একই সঙ্গে চা শ্রমিকদের ভূমির আইনি অধিকার নিশ্চিত করতে হবে। চা বাগানের জমিতে চা শিল্পের স্বার্থবিরোধী প্রকল্প চালুর উদ্যোগও বন্ধ করতে হবে।

তিনি বলেন, ঐতিহাসিক ২০ মে ‘মুল্লুক চলো’ আন্দোলনে শহীদ চা শ্রমিকদের স্মরণে সিলেট ভ্যালিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এ উপলক্ষে বেতনসহ ছুটি এবং পাঠ্যপুস্তকে দিবসটির ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি।

এছাড়া অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা, চা বাগানের সেকশনে বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশনের ব্যবস্থা এবং কীটনাশক প্রয়োগকারী শ্রমিকদের মাস্ক, গ্লাভসসহ প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী সরবরাহের দাবি জানান তিনি।

সঞ্জয় দাস বলেন, শ্রমিকদের ভবিষ্যৎ তহবিলের (পিএফ) টাকা দ্রুত পরিশোধ করতে হবে। আইন অনুযায়ী অবসরের ৩০ দিনের মধ্যে পেনশনের টাকা দেওয়ার ব্যবস্থা কার্যকর করতে হবে। সিলেটে ভ্যালি অফিস নির্মাণ এবং প্রতি তিন মাসে শ্রমিকদের আর্থিক হিসাব জানানোর জন্য ওয়েবসাইট চালুর দাবিও রয়েছে।

শিক্ষার বিষয়ে তিনি বলেন, ভ্যালির প্রতিটি চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিতে হবে। পাশাপাশি যোগ্যতা ও অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষিত চা শ্রমিকের সন্তানদের বাগানের বিভিন্ন পদে নিয়োগ দিতে হবে।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি বাগানে এমবিবিএস চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও মিডওয়াইফ নিয়োগ এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার দাবি জানান তিনি। এছাড়া ভ্যালিতে চা শ্রমিকদের জন্য ১০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেন।

তার অন্যান্য দাবির মধ্যে রয়েছে সিলেটে শ্রম আদালত স্থাপন, শ্রম আইনের চা শ্রমিকদের স্বার্থবিরোধী ধারা বাতিল এবং সব চুক্তি বাংলায় সম্পাদন। কোম্পানির লভ্যাংশে শ্রমিকদের প্রাপ্য নিশ্চিত করা এবং তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি চা বাগানে খেলার মাঠ ও ক্রীড়াসামগ্রী নিশ্চিত করার দাবি জানান।

শ্রম সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি তপন দত্ত বলেন, নির্বাচনে ইশতেহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থী বা প্যানেল লিখিত ইশতেহার প্রকাশ করলে সেখানে দেওয়া প্রতিশ্রুতির বিষয়ে তাদের জবাবদিহির আওতায় আনা সম্ভব।

তিনি বলেন, ইশতেহার প্রকাশ হলে নির্বাচনের আগে শ্রমিকদের দাবি ও প্রত্যাশা নিয়ে আলোচনা হবে। নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি বাস্তবায়নেও প্রার্থীদের জবাবদিহি নিশ্চিত করা যাবে।

তবে শেষ পর্যন্ত কতজন প্রার্থী বা প্যানেল ইশতেহার প্রকাশ করবেন, তা নিয়ে সংশয় রয়েছে তার। কেউ কেউ হয়তো মনে করতে পারেন, ইশতেহার প্রকাশ না করলে ভবিষ্যতে প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে জবাবদিহি করতে হবে না। তাই সব প্যানেলের ইশতেহার প্রকাশ করা জরুরি বলে মনে করেন তিনি।

RELATED ARTICLES

Most Popular