বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ জন্য বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ গবেষণায় তহবিল বাড়ানো, টেকনোলজি ট্রান্সফার অফিস স্থাপন এবং স্টার্টআপ ইনকিউবেটরে সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে তারা।
আজ আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এসব কথা জানান।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা শুধু লেখালেখি আর প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। গবেষণার ফলকে বাস্তব সমস্যা সমাধান, প্রযুক্তি উন্নয়ন এবং শিল্পের উৎপাদনে কাজে লাগাতে হবে।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশীয় গবেষকদের সক্ষমতা থাকার পরও বাংলাদেশের শিল্পকারখানাগুলো এখনো বিদেশি প্রযুক্তি ও পরামর্শের ওপর নির্ভরশীল। তিনি চট্টগ্রাম বন্দরে সাপ্লাই চেইন অটোমেশন, পোশাক কারখানায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং বিদ্যুৎ সঞ্চালনে দক্ষতা বাড়ানোর মতো খাতে যৌথ গবেষণার কথা উল্লেখ করেন।
শিল্পকারখানাগুলোকে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বিনিয়োগের আহ্বান জানিয়ে গবেষকদের কারখানার সঙ্গে কাজ করে বাস্তব সমস্যা সমাধানের উপায় বের করার পরামর্শ দেন তিনি।
ইউজিসির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, শিল্পের সঙ্গে যৌথভাবে ফলিত গবেষণার জন্য তহবিল বাড়াচ্ছে কমিশন। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযুক্তি হস্তান্তর কার্যালয় স্থাপন করা হবে, যার মাধ্যমে স্বত্ব সংরক্ষণ ও গবেষণালব্ধ প্রযুক্তি ব্যবসায়িক খাতে ব্যবহারের লাইসেন্স দেওয়া হবে।
আইআইইউসির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে এই সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি অতিথিরাও অংশ নেন।
