বৃষ্টির কারণে ১৪৫ ওভার কাটা পড়ল। অর্থাৎ ম্যাচের মোট ১৫ সেশনের প্রায় পাঁচটিই ভেস্তে গেল। এই প্রতিকূলতা কাটিয়ে স্মরণীয় পারফরম্যান্স উপহার দিলেন টেম্বা বাভুমা-মার্কো ইয়ানসেন-কাগিসো রাবাদারা। রোমাঞ্চকর গেবেরহা টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার ম্যাচের পঞ্চম দিনের শেষ ঘণ্টায় ২৯৫ রানে থেমেছে অজিদের দ্বিতীয় ইনিংস। ফলে ইনিংস ও ৩১ রানের বিশাল জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা টেনেছে স্বাগতিক দল।
বিপর্যয়ের মুখে অধিনায়ক বাভুমার অসধারণ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রোটিয়ারা নিজেদের একমাত্র ইনিংস ঘোষণা করেছিল ৯ উইকেটে ৪২৫ রানে। জবাবে প্রথম ইনিংসে স্রেফ ৯৯ রানে গুটিয়ে যাওয়া সফরকারীরা পড়েছিল ফলো-অনে। এই দফায় ওপেনার ট্রাভিস হেড সেঞ্চুরি করলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ বাঁচাতে পারেনি অস্ট্রেলিয়া।
𝐓𝐡𝐞 𝐏𝐫𝐨𝐭𝐞𝐚𝐬 𝐦𝐚𝐤𝐞 𝐢𝐭 𝟏-𝟏
A magnificent effort from the bowlers helps South Africa level the #WTC27 series against Australia
: https://t.co/6BlFOXnWtY pic.twitter.com/1Sbu19urtF
টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের হিসাবে এটি দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ জয়। এই তালিকায় সবার উপরে আছে ১৯৭০ সালে ডারবানে ইনিংস ও ১২৯ রানের পাওয়া জয়টি। আর ২০১৬ সালে হোবার্টে তারা জিতেছিল ইনিংস ও ৮০ রানে।
এই সংস্করণে প্রতিপক্ষকে ফলো-অন করিয়ে সাফল্য পাওয়ার পরিসংখ্যান আরও সমৃদ্ধ করল প্রোটিয়ারা। এখন পর্যন্ত ৩৩ বার ফলো-অন করিয়ে ২৮টি টেস্টেই জিতেছে তারা। বাকি পাঁচটি ম্যাচ হয়েছে ড্র।
উইকেট বোলিংবান্ধব হওয়ায় কখনোই ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি কখনোই। শেষ দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর হেড ও নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ড মিলে দারুণ লড়াই করেন। কিন্তু তাদের ৫৯ রানের জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। দুজনকেই সাজঘরে পাঠান ভিয়ান মুল্ডার।
আগের দিনের ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে নেমেছিল অজিরা। ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর পর বেশিদূর এগোতে পারেননি হেড। ১৯০ বলে ১৫ চারে ১২১ রান করে মুল্ডারের ডেলিভারিতে বোল্ড হন তিনি। যার দিকে দল তাকিয়েছিল, সেই স্টিভ স্মিথকে টিকতে দেননি রাবাদা।
চা বিরতির পর বোল্যান্ডের প্রতিরোধ ভাঙেন বোল্যান্ড। ১৬৬ বলে ৬ চারে ৪০ রান করে তিনিও হন বোল্ড। এরপর অ্যালেক্স ক্যারি ৬৯ বলে ৩৭ রানে অপরাজিত থাকলেও অন্যপ্রান্তে কেউ দায়িত্ব নিতে পারেননি। জশ হ্যাজেলউডকে স্লিপে এইডেন মার্করামের ক্যাচ বানিয়ে ম্যাচের ইতি টানেন ইয়ানসেন।
সাদা পোশাকে ক্যারিয়ারসেরা ১৭৯ রানের ইনিংস খেলা বাভুমা পান ম্যাচসেরার পুরস্কার। তিনি যোগ্য সঙ্গ পান সতীর্থদের কাছ থেকে। ব্যাট হাতে ফিফটি করে অবদান রাখেন ইয়ানসেন ও সাইমন হার্মার। ইয়ানসেন বল হাতেও জ্বলে উঠে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে শিকার করেন ৩৩ রানে ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে রাবাদা ৬ ও মুল্ডার ৫ উইকেট নেন।
আগামী মঙ্গলবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে কেপটাউনে।
