Homeস্পোর্টসব্যালন ডি’অরের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়কে ওপরে রাখছেন কেইন

ব্যালন ডি’অরের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়কে ওপরে রাখছেন কেইন

ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যই শেষ কথা, সাফ জানিয়ে দিলেন হ্যারি কেইন। ব্যালন ডি’অর জয়ের ঝুলিতে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি যোগ করাই এখন তার মূল লক্ষ্য। আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে বায়ার্ন মিউনিখের এই তারকা ফরোয়ার্ড জোর দিয়ে বলেছেন, ‘দলগত ট্রফির জন্যই আমরা ফুটবল খেলি।’

গত সপ্তাহে কিলিয়ান এমবাপে ও লামিনে ইয়ামালকে পেছনে ফেলে বিশ্বের সেরা খেলোয়াড়ে নির্বাচনে সবচেয়ে বিখ্যাত ব্যালন ডি’অর নিজের নামে করেন এই ইংলিশ ফরোয়ার্ড। তবে দলের হয়ে সাফল্য উদ্‌যাপনের আনন্দকে যেকোনো ব্যক্তিগত অর্জনের চেয়ে ওপরে রাখছেন তিনি।

স্পেনের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কেইন বলেন, ‘ব্যালন ডি’অর অর্জন আমার ক্যারিয়ারের অন্যতম সেরা এক অনুভূতি। তবে ক্লাবের সঙ্গে শিরোপা উদ্‌যাপন করা কিংবা বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনুভূতি হবে একদমই রোমাঞ্চকর। দলগত খেলায় ট্রফিই সবচেয়ে বড় কথা।’

ব্যালন ডি’অর জেতা দারুণ অর্জন হলেও বাছতে বললে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিই আগে বেছে নেবেন কেইন, ‘অবশ্যই ব্যালন ডি’অর এক বিশাল স্বীকৃতি, এটি আমাকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছে। তবে বড় ফাইনালে খেলা আর সতীর্থদের সঙ্গে জেতার যে আবেগ, সেটির তুলনা হয় না। দুটো ট্রফির তুলনা হলে আমি চ্যাম্পিয়ন্স লিগকেই বেছে নেব। তবে আমার কাছে তো দুটাই জেতার সুযোগ রয়েছে, দেখি সামনে কী হয়।’

বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারের ভূয়সী প্রশংসা করেছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। কেইনকে ‘অসাধারণ এক খেলোয়াড়’ হিসেবে বর্ণনা করে সিমিওনে মন্তব্য করেন, তিনি ফুটবলের জন্য খুবই ইতিবাচক এক ব্যক্তিত্ব।

চলতি চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে এখন পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেনি বায়ার্ন। প্রথম তিন ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে তারা, আর্সেনাল ও ভাইকিংয়ের সঙ্গে করতে হয়েছে ড্র।

২০১৯ সালে টটেনহ্যামের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এই মেত্রোপোলিতানো স্টেডিয়ামেই লিভারপুলের কাছে হেরেছিলেন কেইন। কাকতালীয়ভাবে, চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও অনুষ্ঠিত হবে এই একই মাঠে।

স্টেডিয়ামটির স্মৃতির কথা তুলে ধরে কেইন বলেন, ‘কোনো মাঠে ভালো স্মৃতি থাকে, কোনো মাঠে খারাপ। আশা করি কালকে আমাদের নতুন এক ভালো স্মৃতি তৈরি হবে। আগামী সপ্তাহে ইংল্যান্ডের হয়ে স্পেনের বিপক্ষে এই মাঠেই নামব, আর বছরের শেষে যদি আবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠতে পারি, তবে সেই পুরনো তিক্ত স্মৃতি মুছে ফেলার বড় সুযোগ পাব।’

আজ বাংলাদেশ সময় দিবাগত ২টায় চ্যাম্পিয়ন্স লিগে আতলাটিকোর বিপক্ষে নামবে বায়ার্ন।  

 

RELATED ARTICLES

Most Popular