দুবাইতে অনুষ্ঠিত আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির (এপিএল) খেলোয়াড় ড্রাফটে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, নাহিদ রানা ও শামীম হোসেন।
মঙ্গলবার ডায়মন্ড ক্যাটাগরি থেকে তরুণ গতিময় পেসার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পাক্তিয়া। একই ক্যাটাগরিতে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে বেছে নিয়েছে নানগারহার কসমিক। আর গোল্ড ক্যাটাগরি থেকে শামীম হোসেনকে দলে নিয়েছে অ্যাকসেল ইউনাইটেড কাবুল।
প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং— এই পাঁচ ক্যাটাগরিতে মোট ৪৬২ জন খেলোয়াড় এপিএলের ড্রাফটে নাম লিখিয়েছিলেন।
লিটন দাস, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনসহ বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার ড্রাফটে ছিলেন। তবে তারা দল পাননি।
নতুন আঙ্গিকে পাঁচ দল নিয়ে এবারের এপিএল আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে। দলগুলো হলো পাক্তিয়া, নানগারহার, কাবুল, বাল্খ জওয়ান ও কান্দাহার ওয়ারিয়র্স।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আফগানিস্তানের পরিবর্তে পুরো এপিএল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হতে পারে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এর আগে ২০১৮ সালে একবার এপিএল চালু করেছিল। তবে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও শহীদ আফ্রিদির মতো টি-টোয়েন্টি সংস্করণের তারকা ক্রিকেটারদের আকর্ষণ করলেও মাত্র এক মৌসুম চলার পরই টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়।
পারিশ্রমিক সংক্রান্ত তীব্র বিতর্ক এবং টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি হওয়ার কারণেই মূলত সেসময় প্রতিযোগিতাটি বাতিল করা হয়েছিল।
