পুরোনো একটা ট্রাক্টর। মরচে ধরে, ধুলোয় মলিন। দেখলেই বোঝা যায়, কয়েক দশক ধরে যন্ত্রটির ব্যবহার হয়নি। তবে ট্রাক্টরটির ইতিহাস কৃষিকাজের চেয়েও অনেক বেশি বিস্তৃত।
চীনের বিপ্লবী নেতা মাও সেতুং ১৯৬৭ সালে এই ট্রাক্টর উপহার দিয়েছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে।
দুই নেতার বন্ধুত্বের পাশাপাশি এই উপহারের সঙ্গে জড়িয়ে ছিল ভাসানীর একটি স্বপ্ন, একটি দর্শন। সমবায় পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে দেশের কৃষিতে পরিবর্তন আনা।
ট্রাক্টরটি রয়েছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ভাসানীর কবরের উত্তর-পশ্চিম পাশে এর অবস্থান। তবে বছরের পর বছর যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় যন্ত্রটি অযত্নে পড়ে আছে।
এই ট্রাক্টরের গল্প শুরু ১৯৬০-এর দশকে, ভাসানীর চীন সফরকে ঘিরে।
১৯৬৩ সালে পাকিস্তানের একটি প্রতিনিধিদলের প্রধান হিসেবে চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে যান ভাসানী।
তিয়ানআনমেন স্কয়ারে ভাসানী মাও সেতুংয়ের ঠিক পাশেই দাঁড়ান। সে সময় মাও এবং চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের সঙ্গেও তার বৈঠক হয়।
১৯৬৪ সালে আবার চীন সফরে যান ভাসানী। সফরের অভিজ্ঞতা নিয়ে পরে তিনি লেখেন ‘মাও সে-তুঙ এর দেশে’ বই।
১৯৬৬ সালে তৃতীয় ও শেষবারের মতো চীন সফরে গেলে মাও সেতুং তাকে একটা ট্রাক্টর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরের বছর সেটি তৎকালীন পূর্ব পাকিস্তানে পৌঁছায়। এই উপহারের পেছনে ছিল একটি বাস্তব উদ্দেশ্য।
ভাসানী মনে করতেন, ছোট ছোট বিচ্ছিন্ন জমিতে চাষ করে কৃষকেরা দারিদ্র্য থেকে মুক্তি পাবে না। এ জন্য কৃষির প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি।
তিনি সমবায় পদ্ধতিতে চাষাবাদের পক্ষে ছিলেন। এ ব্যবস্থায় কৃষকেরা একসঙ্গে এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বড় জমিতে চাষাবাদ করবেন।
এক মৌসুমে ৫০ একর জমি চাষ করার সক্ষমতা ছিল ট্রাক্টরটির। সমবায় পদ্ধতিতে কৃষিকাজ নিয়ে ভাসানীর দর্শনের প্রতিফলন ছিল এই যন্ত্র।
প্রথমে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুরে ট্রাক্টরটি ব্যবহার করা হয়। সেখানে সমবায় পদ্ধতিতে চাষাবাদের পরীক্ষা-নিরীক্ষার জন্য কৃষি প্রকল্প হাতে নিয়েছিলেন ভাসানী।
১৯৭৪ সালে ট্রাক্টরটি টাঙ্গাইলের সন্তোষে নিয়ে আসা হয়।
পরে ভাসানী এটি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে হস্তান্তর করেন। তার আশা ছিল, অব্যবহৃত অবস্থায় পড়ে না থেকে ট্রাক্টরটি কৃষকদের কাজে লাগবে।
কিছু দিন জামালপুরে বিএডিসি এটি ব্যবহার করে। এক পর্যায়ে ট্রাক্টরটি বিকল হয়ে যায়। এরপর আর সেটি চালানো সম্ভব হয়নি।
এমনকি ট্রাক্টরটি বিক্রি করে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল।
তবে ১৯৯৫ সালে সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ট্রাস্টি বোর্ড হস্তক্ষেপ করে। তারা ট্রাক্টরটি আবার সন্তোষে ফিরিয়ে আনে। এরপর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই রয়েছে ট্রাক্টরটি।
মাওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী বলেন, ট্রাক্টরটি মাও সেতুং ও তার দাদার ঐতিহাসিক বন্ধুত্বের স্মারক। একইসঙ্গে মওলানা ভাসানীর কৃষি, কৃষক ও গ্রামীণ অর্থনীতি কেন্দ্রিক চিন্তা, কর্মসূচি এবং আন্দোলনের ইতিহাসের সঙ্গেও এটি গভীরভাবে সম্পৃক্ত।
ভাসানীর ঐতিহাসিক স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণে সরকারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে ট্রাক্টরটিও যথাযথভাবে সংরক্ষণের দাবি জানান তিনি।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম শহীদুল ইসলাম বলেন, ভাসানীর পরিবারের সঙ্গে আলোচনা করে ট্রাক্টরসহ তার অন্যান্য ঐতিহাসিক স্মৃতিচিহ্ন পরিদর্শন করা হয়েছে। এগুলো যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
