পলাতক আওয়ামী লীগের উসকানিতে নন-পলাতক আওয়ামী লীগ নিজেদের বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
গোপালগঞ্জের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘এগুলো ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের মাসুল কিন্তু তাদেরকে দিতে হবে।’
আজ মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নামে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। আওয়ামী লীগের নামে একটা সাধারণ মিছিল করলেও সেটা এই মুহূর্তে বেআইনি, সভা-সমাবেশ করলেও বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা দেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় ভাঙচুর-অগ্নিসংযোগ, বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা সরকারের সহ্য করার কোনো কারণ নেই।’
যৌথ বাহিনী অভিযান শুরু করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পুলিশ বল প্রয়োগ করবে, পুলিশের বল প্রয়োগের অধিকার আছে। কিন্তু আমরা এতদিন যে সমালোচনা করছিলাম, সেই সমালোচনায় আমরা ভুগতে চাই না। পুলিশের বল প্রয়োগে অসমতা ছিল; যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি বল প্রয়োগ করা হতো। বল প্রয়োগটা প্রপোপরশনেটলি করা হবে।’
গোপালগঞ্জে যাদের ছবি দেখা গেছে, তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলেও এ সময় জানান তিনি।
একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ এবং সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার প্রসঙ্গও আসে প্রশ্নোত্তর পর্বে।
প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, ‘পোশাক শ্রমিকদের ন্যায্য আন্দোলনে আওয়ামী লীগ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। যেকোনো জায়গায় তাদের নেমে যাওয়ার প্রবণতা আছে। এই ঘটনা যেখানেই ঘটুক না কেন, এটা সরকারকে চাপে ফেলে। সরকারকে সংকটে ফেলে। কারণ সমস্যাগুলোর সমাধান সরকারকেই করতে হয়। চিহ্নিত বা প্রজাতন্ত্রের পোশাকে আওয়ামী লীগ যারা আছেন, প্রত্যেক জায়গায় সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা বিষয়গুলো ম্যানেজ করতে পারবো।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ মেয়াদি স্বৈরশাসনের কবলে থাকা দেশগুলোতে যখন গণঅভ্যুত্থান হয়, সেই দেশগুলোর ভালনারেবিলিটি কতটা হয়েছে সেটা মধ্যপ্রাচ্যের দিকে তাকালে বোঝা যায়। আমরা কেউ কেউ শ্রীলঙ্কা-নেপালের সঙ্গে তুলনা করি, এটা ভুল। ওই দুই দেশে গণঅভ্যুত্থানে সরকারের পতন হয়েছে কিন্তু ওখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। তারা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেনি।’
‘আমাদের তুলনা করবেন তিউনিশিয়ার সঙ্গে, মিসরের সঙ্গে, লিবিয়ার সঙ্গে, ইয়েমেনের সঙ্গে। সেই তুলনায় যদি বলি, আমরা এই ভঙ্গুর-ভালনারেবল অবস্থায় ভালো আছি। কিন্তু আমাদের ভঙ্গুর অবস্থা তো আছে। আরেকটু সময় লাগবে আমাদের পুরো দমে কাজ করার জন্য। এটা সরকারেরই অনেক বড় মাথা ব্যথা,’ যোগ করেন তিনি।
সরকার যাত্রা ও সার্কাসকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। এতে অশ্লীলতা জড়িয়ে পড়েছে এবং সাংবিধানিকভাবে নিষিদ্ধ জুয়ার আসর দেখা যায়। অন্যদিকে তৌহীদ জনতার নামে নানা রকম আয়োজনের বিরুদ্ধে এক ধরনের প্রচারণা আছে—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহেদ বলেন, আমরা একাধিক বৈঠক করেছি এবং আমি সেখানে ছিলাম।
‘আমরা খুব স্পষ্টভাবে তাদের কাছে একটা বার্তা দিয়েছি, যদি সুস্থভাবে যাত্রা ও সার্কাস করে; যাত্রা ও সার্কাস চালানো যায়, তাহলেই সেটা চলবে,’ বলেন তিনি।
জাহেদ বলেন, ‘আমি তাদের জিজ্ঞাসা করেছি যে এগুলো বাদ দিয়ে কি চালানো সম্ভব? লাভ করা সম্ভব? কারণ এটা তাদের জীবিকা। উনারা আমাদেরকে জানিয়েছেন, এটা সম্ভব। আমরা ডিসিদের নির্দেশনা পাঠিয়েছি, এই জিনিসগুলো যদি কেউ ভঙ্গ করে, অবৈধ কিছু যদি থাকে, এর মধ্যে কোনো অশ্লীলতা যদি থাকে, মাদক বা জুয়ার মতো বিষয় থাকে সেই দলকে আসলে আমরা আর ভবিষ্যতে ছাড় দেবো না—নিষিদ্ধ করে দেবো।’
‘আমি আগেও একদিন বলেছি, প্রকৃত তৌহিদি জনতা হামলা করতে যেতে পারে না। কারও কোনো বক্তব্য থাকতে পারে কিন্তু যেখানে এই ঘটনাগুলো ঘটছে না, আমরাও মনে করছি অন্যায়টা আমরা হতে দেবো না। এর বাইরে এই ব্যাপারগুলো আমাদের সংস্কৃতির অংশ, এগুলো আমরা নিশ্চিতভাবেই করব এবং যারা নানা নাম নিয়ে এগুলোতে বাধা দিতে আসেন, সরকার সেগুলোকে নিশ্চয়ই প্রতিহত করবে,’ যোগ করেন তিনি।
