ন্যূনতম মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে শ্রমিকরা মিরপুর-১ এলাকায় জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে মিরপুর-১০-এর দিকে এগিয়ে যান তারা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে মিরপুর থানার সামনে তাদের আটকে দেয় পুলিশ।
এ সময় শ্রমিকরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। এরপর শ্রমিকরা বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র।
তবে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে শুধু সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে পরে বিভিন্ন গলিতে অবস্থান নেয় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
এর আগে, সকাল ৯টার দিকে মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন শ্রমিকরা। তবে পুলিশের বাধা ও বাড়তি উপস্থিতির কারণে তারা মূল সড়কে যেতে পারেননি।
