Homeআন্তর্জাতিকযুদ্ধবিমানের নকশা থেকে এআই চিপ: যেভাবে কাজ করে চীনের ৬ লাখ মানুষের...

যুদ্ধবিমানের নকশা থেকে এআই চিপ: যেভাবে কাজ করে চীনের ৬ লাখ মানুষের গুপ্তচর নেটওয়ার্ক

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) চীনের কমিউনিস্ট পার্টির জন্য ক্রমবর্ধমান হুমকি হিসেবে বর্ণনা করেছেন দেশটির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা চেন ইশিন।

গত সেপ্টেম্বরে চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান চেন এক নিবন্ধে লেখেন, মেশিন লার্নিংয়ের দ্রুত অগ্রগতি ‘দেশটির রাজনৈতিক নিরাপত্তা, রাষ্ট্রীয় ব্যবস্থা ও আদর্শিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছে।’

তিনি আরও লেখেন, যে পক্ষ এআইয়ের নিয়ন্ত্রণ নিতে পারবে, তারাই ‘সময়ের গতিপথ বুঝতে পারবে।’

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আশঙ্কা, চীনা গুপ্তচররা বড় ধরনের সাফল্য পেয়েছে। এআইয়ের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আলোচিত ব্যক্তিদের একজনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বেইজিং।

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ থাকা ব্যবসায়িক সহযোগী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করার পর চলতি সপ্তাহে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়তে বাধ্য হন জেনসেন হুয়াং।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে মনে করার কোনো কারণ তারা দেখছে না। তবে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ ঘটনা তদন্ত করছে।

এনভিডিয়াকে ঘিরে এই বিশাল গুপ্তচরবৃত্তির চিত্র উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে।

যুদ্ধবিমানের নকশা থেকে এআই চিপ

কয়েক বছর ধরেই পশ্চিমা দেশগুলোর অভিযোগ, কৌশলগত শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বজুড়ে গোপন অভিযান চালাচ্ছে চীন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের নকশা, সাবমেরিনকে পানিতে ভাসিয়ে রাখতে ব্যবহৃত বিশেষ ফোম এবং আইওয়া অঙ্গরাজ্যে উৎপাদিত জিনগতভাবে পরিবর্তিত ভুট্টার বীজ চুরি। এখন তাদের প্রধান লক্ষ্য—চিপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা।

পশ্চিমা কর্মকর্তাদের দাবি, চীন সরকার বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিককে কাজে লাগিয়ে নজিরবিহীন মাত্রায় তথ্য সংগ্রহ করছে। এর উদ্দেশ্য—প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং সামরিক সক্ষমতা বাড়ানো। এর মধ্য দিয়ে দেশের ভেতরে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ জোরদার এবং বিদেশে প্রভাব বিস্তার করতে চায় বেইজিং।

এই বৈশ্বিক তৎপরতার মধ্যে রয়েছে প্রলোভন দেখিয়ে তথ্য সংগ্রহ, হ্যাকিং, কৌশলগত ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ এবং সংবেদনশীল বিষয়ে একাডেমিক গবেষণায় অর্থায়ন।

ইউরোপের একটি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা ও নিরাপত্তা কার্যক্রমে প্রায় ছয় লাখ মানুষ কাজ করে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলোর জনবলের তুলনায় এ সংখ্যা অনেক বেশি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা এবং চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে একাধিক বইয়ের লেখক নিকোলাস এফতিমিয়াডেস ওয়ালস্ট্রিট জার্নালকে বলেন, ‘পশ্চিমা দেশগুলো এ ধরনের কর্মকৌশলে অভ্যস্ত নয়। এগুলো মোকাবিলার ব্যবস্থাও তাদের নেই।’

এআই আধিপত্যের লড়াই ও চীনের হতাশা

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও সামরিক সক্ষমতায় সমতা অর্জনের লক্ষ্য নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইসঙ্গে দুর্বল অর্থনীতি চাঙা করারও চেষ্টা করছেন তিনি। এমন পরিস্থিতিতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চীনের লক্ষ্য অর্জন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এনভিডিয়ার তৈরি চিপের মতো উন্নত প্রযুক্তি উৎপাদন করা শির জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান কমাতে সাম্প্রতিক বছরগুলোতে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে তার সরকার।

তবু জাতিসংঘের চলতি বছরের জুলাইয়ের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৫০০ এআই সুপারকম্পিউটারের মোট কম্পিউটিং সক্ষমতার ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রের হাতে, আর চীনের হাতে রয়েছে মাত্র ১৫ শতাংশ।

যুক্তরাজ্যের প্রতিরক্ষাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক তাহলিয়া পিটারসন বলেন, ‘এটা স্পষ্ট যে শি ও যুক্তরাষ্ট্র উভয়েই জানে, এআই গুরুত্বপূর্ণ সম্পদ। এ কারণেই আধিপত্য প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে প্রতিযোগিতা চলছে।’

ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, চীনা গোয়েন্দারা জড়িত থাকুক বা না থাকুক, জেনসেন হুয়াংয়ের এনভিডিয়া ছাড়ার ঘটনায় চীনের সঙ্গে এআই আধিপত্যের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান অস্থিরতার মুখে পড়েছে।

আবার এ ঘটনা বেইজিংয়ের জন্যও উল্টো বিপদ ডেকে আনতে পারে। ওয়াশিংটনের কট্টরপন্থীরা এ কেলেঙ্কারিকে চীনে গুরুত্বপূর্ণ চিপ রপ্তানিতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের যুক্তি হিসেবে ব্যবহার করতে পারেন।

এআই ও মেধাস্বত্ব চুরির নানা অভিযোগ

চীনের বিরুদ্ধে এআই প্রযুক্তি চুরির অভিযোগ নতুন নয়। গত এপ্রিলে হোয়াইট হাউস অভিযোগ করে, হাজারো মধ্যস্থতাকারী অ্যাকাউন্ট ব্যবহার করে মার্কিন এআই মডেল থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে শিল্প পর্যায়ে যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব চুরি করছে চীন।

উদাহরণ হিসেবে অ্যানথ্রপিক জানিয়েছে, চীনের তিনটি এআই প্রতিষ্ঠান নিজেদের পণ্যের মানোন্নয়নে তাদের এআই মডেল ‘ক্লড’-কে ১ কোটি ৬০ লাখের বেশি বার প্রশ্ন করেছে।

যেভাবে কাজ করে চীনের গোয়েন্দা নেটওয়ার্ক

প্রতিবেদনে আরও বলা হয়, শির কাছে উন্নত প্রযুক্তি রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার। এর মাধ্যমে চীনের নজরদারি ব্যবস্থা শক্তিশালী হয় এবং কমিউনিস্ট পার্টির ক্ষমতা টিকে থাকে।

চীনা এই নেতা ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের আকস্মিক পতনের উদাহরণ টেনে বলেছেন, নিয়ন্ত্রণ শিথিল হলে চীনেও কমিউনিস্ট শাসনের এমন পরিণতি হতে পারে।

২০১৬ সালে কর্মকর্তাদের উদ্দেশে শি বলেছিলেন, ‘নিরাপত্তা উন্নয়নের পূর্বশর্ত, আর উন্নয়ন নিরাপত্তার নিশ্চয়তা।’

চীন সরকারি ও সামরিক বিভিন্ন সংস্থার মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়, জননিরাপত্তা মন্ত্রণালয় এবং পিপলস লিবারেশন আর্মির গোয়েন্দা বিভাগ। বেসরকারি ঠিকাদার ও হ্যাকাররাও এসব সংস্থার পেশাদার এজেন্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। সাধারণ নাগরিক ও চীনা ব্যবসায়ীদেরও সহায়তা করতে চাপ দেওয়া হতে পারে।

শি চীনের গোয়েন্দা ব্যবস্থাকে ব্যাপকভাবে সম্প্রসারিত করেছেন। তবে অনেক সময় তাদের কর্মকৌশলে দুর্বলতা থাকে এবং অসতর্কতার কারণে যুক্তরাষ্ট্রের পাল্টা গোয়েন্দা নজরদারিতে তাদের এজেন্টরা ধরা পড়েন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এ পর্যন্ত বহুজন গ্রেপ্তার হয়েছেন।

তারপরও দক্ষতার ঘাটতি ব্যাপক জনবল দিয়ে পুষিয়ে নেয় চীন। ২০২৩ সালে এফবিআইয়ের এক মূল্যায়নে বলা হয়, চীন-সমর্থিত হ্যাকারদের সংখ্যা এফবিআইয়ের সাইবার বিভাগের সদস্যদের তুলনায় অন্তত ৫০ গুণ বেশি।

বড় পরিসরে অনলাইন অভিযানের পাশাপাশি বিদেশে বসবাসরত চীনা নাগরিকদেরও গুপ্তচর নিয়োগের লক্ষ্যবস্তু করা হয়। যেমন, যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে বসবাসরত ইউয়ানসে চেন ২০২১ সালে মহামারির সময় নিজের গুদাম ব্যবসা বন্ধ হওয়ার পর চীনে একটি কাজের প্রস্তাব পান।

ফেডারেল আদালতের নথি অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় চেনকে মার্কিন নৌ-বাহিনীর কর্মীদের গুপ্তচর হিসেবে নিয়োগের দায়িত্ব দেয়। 

২০২৩ সালে চেনের স্ত্রী ক্যালিফোর্নিয়ার আলহামব্রায় একটি নিয়োগকেন্দ্রের ভেতরের ছবি তোলেন, যেখানে সদ্য নিয়োগ পাওয়া চীনা বংশোদ্ভূত ব্যক্তিদের নাম ছিল। সেই ছবি চীনের গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়। চেন ও তার সহযোগী লিরেন লাই গত বছর গ্রেপ্তার হয়ে দোষ স্বীকার করেন।

অনলাইনেও ব্যাপক তৎপরতা চালায় চীন। অক্টোবরে মাসে এফবিআই জানায়, চীন-সংশ্লিষ্ট রাষ্ট্রীয় হ্যাকারদের ব্যবহার করা ফিশিং সরঞ্জাম জব্দ করেছে তারা, যা দিয়ে যুক্তরাষ্ট্রের একটি বিদ্যুৎ কোম্পানি, জাপান ও পোল্যান্ডের বিমানবন্দর এবং তাইওয়ানের দুটি বিশ্ববিদ্যালয়কে নিশানা করা হয়েছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চীনের একটি বট নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে। সেখানে ২ লাখ অ্যাকাউন্ট ছিল। এসব অ্যাকাউন্টের কয়েকটি যুক্তরাষ্ট্রে এআই ডেটা সেন্টার স্থানীয় বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলে প্রচার করে জনমত প্রভাবিত করার চেষ্টা করছিল।

গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ, নিজেদের এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারের জন্য চীন বিশ্বের বিভিন্ন স্থানের বিপুল তথ্যভান্ডারে হ্যাকিং করছে।

পশ্চিমাদের সীমাবদ্ধতা ও এনভিডিয়ার দুর্বলতা

চীনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর পাল্টা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক বাস্তবতা বড় বাধা। বৈশ্বিক সরবরাহব্যবস্থায় চীন এতটাই যুক্ত যে তাকে পুরোপুরি বিচ্ছিন্ন করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ছাড়া অধিকাংশ দেশের পক্ষেই রাশিয়া বা ইরানের মতো চীনের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা কঠিন।

ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র চীনের ওপর শুল্ক আরোপ করেছে। প্রথম মেয়াদে ইউরোপীয় মিত্রদের টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার বন্ধেও অভিযান চালায় ওয়াশিংটন। ২০২২ সালে বাইডেন প্রশাসন নির্দিষ্ট কিছু চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ শুরু করে।

তবে দ্বিতীয় মেয়াদে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরুর চেষ্টায় ব্যর্থ হওয়ার পর বেইজিংয়ের বিষয়ে বক্তব্যের সুর নরম করেন ট্রাম্প। একইসঙ্গে চীনে চিপ বিক্রির ওপর কিছু রপ্তানি বিধিনিষেধ শিথিল করে যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্ত সমর্থন করেছিলেন জেনসেন হুয়াং। তার যুক্তি ছিল, চীনে চিপ সরবরাহ অব্যাহত থাকলে দেশটির প্রতিষ্ঠানগুলো এনভিডিয়ার প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকবে এবং চীনের স্থানীয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি বাধাগ্রস্ত হবে।

চীনের হুমকি বড় পরিসরে মোকাবিলা করতে না পেরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো প্রকাশ্যে উদ্বেগ জানাচ্ছে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মেধাস্বত্ব চুরি ঠেকাতে নিরাপত্তাব্যবস্থায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এআই কৌশল বাস্তবায়নের দায়িত্বে থাকা গ্রেগরি অ্যালেন বলেন, ‘এনভিডিয়ার নিরাপত্তা কার্যক্রম দুর্বল। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে জাতীয় নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।’

চীনা গুপ্তচরদের বিষয়ে অ্যালেন বলেন, ‘তারা সেমিকন্ডাক্টর প্রযুক্তি চুরি করতে যতটা আগ্রহী, স্টিলথ যুদ্ধবিমানের প্রযুক্তি চুরি করতেও ঠিক ততটাই আগ্রহী।’

RELATED ARTICLES

Most Popular