যুক্তরাষ্ট্রে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে ফ্লাইট চলাচলে জারি করা নিষেধাজ্ঞা প্রায় চার ঘণ্টা পর তুলে নিয়েছে দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
দেশটির স্থানীয় সময় শুক্রবার এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
তবে এতে দুর্ভোগ কাটেনি যাত্রীদের। ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে এবং বিমানবন্দর ও এয়ারলাইনসগুলোর পূর্ণ সক্ষমতায় ফিরে আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ফেডারেল কর্মকর্তারা।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এটিই ছিল সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের ঘটনা।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। এ ছাড়া শনিবারের জন্য আগেই আরও প্রায় ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল।
তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের এক হিসাব অনুযায়ী, ফ্লাইট বাতিলের কারণে আনুমানিক ১৫ লাখ মানুষ আটকা পড়েছেন।
বিমান চলাচল বিশ্লেষকেরা জানিয়েছেন, চার ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর এয়ারলাইনসগুলোর স্বাভাবিক ফ্লাইট সূচি ফিরিয়ে আনতে কয়েক দিন সময় লাগতে পারে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন বলেন, কোনো নিরাপত্তা হুমকির কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এ সপ্তাহে মাইক্রোসফটের সেবায় বিঘ্ন ঘটানো বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, সমস্যাটি সাইবার হামলার কারণে হয়েছে—এমন কোনো প্রমাণ তার বিভাগের কাছে নেই।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি বলেছেন, পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং অতিরিক্ত তথ্যের চাপে থাকা রাউটারগুলোর কারণে শুক্রবার দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল। এর আগে এফএএ এয়ারলাইনসগুলোকে জানিয়েছিল, সমস্যাটির সূত্রপাত শিকাগোর মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে।
বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরে যন্ত্রপাতি ও যোগাযোগসংক্রান্ত সমস্যা, নিয়ন্ত্রকের স্বল্পতা ও পুরোনো অবকাঠামো নিয়ে চাপের মধ্যে ছিল যুক্তরাষ্ট্র।
১১ সেপ্টেম্বরের হামলার পর ২০২৩ সালের জানুয়ারিতেও আরেকবার ফ্লাইট চলাচল বন্ধের ঘটনা ঘটেছিল যুক্তরাষ্ট্রে। ওই সময় এফএএ প্রায় ৯০ মিনিটের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন স্থগিত করে।
