Homeসারাদেশসাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল।

সাভারের হেমায়েতপুর ও গাজীপুরের ভোগড়া এলাকায় পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। দুই এলাকাতেই শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাভারে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড এবং গাজীপুরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় আজ সকাল সাড়ে ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। 

একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সড়ক থেকে সরে যেতে বলেন। এতে শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, কিছু শ্রমিক হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। কিছু শ্রমিক কারখানায় ঢুকে হাজিরা দিয়ে বাসায় চলে যাচ্ছেন। অন্যরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত বিজিবি ও পুলিশ সদস্য রয়েছেন।

আশুলিয়ার জামগড়া এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে কিছু শ্রমিক সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেন।

এছাড়া আশুলিয়ার খেজুর বাগান এলাকায় সকাল ১০টার দিকে শ্রমিকদের একটি দল সড়কে দাঁড়ানোর চেষ্টা করলে তাদেরও ধাওয়া দেওয়া হয়। পরে টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়।

বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করদে দেখা যায় পোশাক শ্রমিকদের।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রেখেছেন। ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ এবং হাইওয়ে পুলিশ যৌথভাবে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

এদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায়ও সকাল থেকে শ্রমিক বিক্ষোভ চলছে। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া এলাকায় একটি কারখানার সামনে সড়কে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এর কিছুক্ষণ পর একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে ভোগড়া ও আশপাশের এলাকায় শ্রমিকেরা ছড়িয়ে পড়েন। অনেককে বাসায় ফিরে যেতে দেখা যায়।

সকাল সোয়া ৯টার দিকে ভোগড়া থেকে টাঙ্গাইলমুখী সড়কের ডিভাইডার ভেঙে সড়কে ফেলে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। পরে পুলিশ অন্তত পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হননি।

ভোগড়া থেকে নাওজোর পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো শ্রমিককে অবস্থান নিয়ে বিক্ষোভের প্রতি সংহতি জানাতে দেখা যায়। তাদের সবার গলায় বিভিন্ন কারখানার আইডিকার্ড দেখা যায়।

ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) তরিকুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিক বিক্ষোভ চলছে।

এ বিষয়ে বক্তব্য জানতে শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেনকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

তিনি বলেন, আশুলিয়ার নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করেই কর্মস্থল ছেড়ে বেরিয়ে গেছেন।

মজুরি বোর্ডের সভা পিছিয়ে দেওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে বলে দাবি করেন তিনি। গতকাল সোমবার মজুরি বোর্ডের সভায় নতুন ন্যূনতম মজুরি সম্পর্কে জানতে চেয়েছিলেন শ্রমিকরা। তবে সভা পিছিয়ে যাওয়ায় তারা এ বিষয়ে কোনো তথ্য পাননি।

RELATED ARTICLES

Most Popular