Homeতথ্য-প্রযুক্তিস্কুল-বেঞ্চের ‘কলমযুদ্ধ’ এবার অনলাইনে, গেম বানালেন বাংলাদেশি তরুণ

স্কুল-বেঞ্চের ‘কলমযুদ্ধ’ এবার অনলাইনে, গেম বানালেন বাংলাদেশি তরুণ

স্কুলজীবনে বন্ধুদের সঙ্গে কলম দিয়ে লড়াইয়ের স্মৃতি অনেকেরই মনে আছে। টেবিলের ওপর দুটি কলম রেখে আঙুলের টোকায় প্রতিপক্ষের কলম ফেলে দেওয়ার সেই খেলা এবার ফিরে এসেছে অনলাইনে।

স্কুলের সেই জনপ্রিয় কলমযুদ্ধকে ব্রাউজারভিত্তিক গেমে রূপ দিয়েছেন বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী মোহিউস সুন্নাত।

অস্ট্রিয়ার সালজবুর্গে বসবাসকারী মোহিউস সুন্নাত বাংলাদেশের প্রযুক্তি ইকোসিস্টেম ও ডিজিটাল প্রোডাক্ট স্টুডিও ‘শুনেক ল্যাবস’-এর প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটির গেমিং বিভাগের প্রথম গেম হিসেবে তৈরি হয়েছে ‘পেন ফাইট’।

মোহিউস সুন্নাত দ্য ডেইলি স্টারকে জানান, নব্বইয়ের দশকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার শিশু-কিশোরদের কাছে জনপ্রিয় ছিল এমন খেলাগুলোকে ডিজিটাল মাধ্যমে ফিরিয়ে আনার পরিকল্পনা থেকেই গেমটি তৈরি করেছেন তিনি।

তিনি বলেন, স্কুলজীবনের অনেকটা সময় তিনি কলমযুদ্ধ খেলেই কাটিয়েছেন। কয়েকটি কলম, স্কুলের একটি বেঞ্চ আর বন্ধুদের সঙ্গে প্রতিপক্ষের কলম ফেলে দেওয়ার প্রতিযোগিতা—আনন্দের জন্য এটুকুই যথেষ্ট ছিল। সেই উত্তেজনা ও বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দের স্মৃতিই গেমটির মাধ্যমে ফিরিয়ে আনতে চেয়েছেন।

গেমটিতে কম্পিউটারের সঙ্গে কিংবা বন্ধুর সঙ্গে খেলার সুযোগ আছে। কম্পিউটারের বিপক্ষে খেলতে চাইলে সহজ, মাঝারি ও কঠিন—এই তিনটি লেভেলের যেকোনোটি বেছে নেওয়া যায়। মাস্টার লেভেল ব্যবহার করতে হলে সাইন ইন করতে হবে।

বন্ধুর সঙ্গে একই ডিভাইসে পালা করে খেলার ব্যবস্থাও আছে। দুজন চাইলে আলাদা কলম বেছে নিতে পারেন। আবার একই ধরনের কলম নিয়ে প্রতিযোগিতায় নামার সুযোগও আছে। এতে দুই খেলোয়াড়ের মধ্যে সমতা বজায় থাকে।

তিন ও পাঁচ ম্যাচের রাউন্ডে খেলাগুলো ভাগ করা আছে। আর যারা খেলা থামাতে চান না, তাদের জন্য আছে এন্ডলেস মোড।

খেলাটি পালাক্রমে এগিয়ে যায়। নিজের পালায় আঙুলের টোকায় কলমকে সামনে ঠেলে দিতে হয়। এরপর কম্পিউটার বা প্রতিপক্ষের চালের জন্য অপেক্ষা করতে হয়। তবে বাস্তবের স্কুলের বেঞ্চের খেলার সঙ্গে এতে যোগ হয়েছে নতুন কিছু নিয়ম। কয়েক দফা খেলার পর টেবিলের জায়গা ধীরে ধীরে ছোট হতে থাকে। ফলে কলমকে নির্দিষ্ট সীমানার মধ্যে রাখতে হয়। খেলা যত দীর্ঘ হয়, কলম নিরাপদে রাখার জায়গাও তত কমে আসে।

পেন ফাইটে খেলোয়াড়দের পারফরম্যান্সের হিসাব রাখার ব্যবস্থাও আছে। কতটি ম্যাচ খেলা হয়েছে, কতটিতে জয় এসেছে, খেলার সময় কত; এসব তথ্য দেখা যায়। এ ছাড়া, গড় ও সবচেয়ে দীর্ঘ ম্যাচের সময় এবং দ্রুততম জয়ের রেকর্ডও সংরক্ষণ করা হয়।

খেলোয়াড়েরা নিজেদের পছন্দমতো ৩ থেকে ১৬ অক্ষর বা সংখ্যার মধ্যে একটি ডাকনাম, অ্যাভাটার, দেশ ও পছন্দের কলম নির্বাচন করতে পারেন। সেখানে আছে অভিজ্ঞতার স্তর, জয়ের ধারাবাহিকতা এবং সাপ্তাহিক ও সর্বকালের র‍্যাঙ্কিং দেখার সুযোগ।

গেমটির নির্মাতার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চালুর পর থেকে ৩৪ হাজারের বেশি মানুষ পেন ফাইট খেলেছেন। সব মিলিয়ে ৪ লাখ ৪০ হাজারের বেশি ম্যাচ খেলতে তারা ব্যয় করেছেন প্রায় ৮ হাজার ৩০০ ঘণ্টা।

সম্প্রতি গেমটিতে অনলাইন মাল্টিপ্লেয়ার সুবিধাও যুক্ত হয়েছে। সাইন ইন করে দ্রুত প্রতিপক্ষ খোঁজার পাশাপাশি বন্ধুদের সঙ্গেও খেলা যায়। এ জন্য প্রত্যেক খেলোয়াড়ের জন্য আলাদা লিংক ও কিউআর কোড তৈরি হয়। এগুলোর মেয়াদ থাকে ২৪ ঘণ্টা। কিউআর কোড স্ক্যান করে কিংবা কোড লিখে খেলার ঘরে প্রবেশ করা যায়।

ভবিষ্যতে খেলোয়াড়েরা যেন নিজেদের পছন্দমতো কলমের নকশা তৈরি ও সাজাতে পারেন, সে ব্যবস্থাও যুক্ত করার পরিকল্পনা আছে নির্মাতার। গেমটি খেলা যাবে শুন্নেক ল্যাবস-এর ওয়েবসাইটে।

RELATED ARTICLES

Most Popular