Homeস্পোর্টসঅবশেষে আইপিএল থেকে অবসর নিলেন ধোনি

অবশেষে আইপিএল থেকে অবসর নিলেন ধোনি

প্রতি বছরই কথা উঠত—এবার কি থামবেন? তবে বয়সকে উপেক্ষা করে খেলেই যাচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর নয়; ৪৫ পেরোনো ভারতীয় এই কিংবদন্তি অবশেষে ১৯ বছরের বর্ণাঢ্য আইপিএল ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছেন। অবশ্য খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হচ্ছে না; আসন্ন ২০২৭ আসরে দলটির ‘মেন্টর’ হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক এই অধিনায়ক।

আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিতব্য খেলোয়াড় নিলামের আগে ক্রিকেটার ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার তিন ঘণ্টা আগে মঙ্গলবার এই ঘোষণা দেয় চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।

এক বিবৃতিতে চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন বলেন, ‘এমএস ধোনিকে ছাড়া সিএসকে কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে জয়, পরাজয় ও সব ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা একে অপরের পাশাপাশি হেঁটেছি এবং বেড়ে উঠেছি। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটিই কারণ—আমরা কখনো কারও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের এই যাত্রাকে সম্ভব করেছে।’

২০০৮ সালে প্রথম নিলামে ধোনিকে দলে ভেড়ানোর স্মৃতিচারণ করে শ্রীনিবাসন আরও বলেন, ‘২০০৮ সালে আমি জোর দিয়ে বলেছিলাম ধোনিকে সিএসকের অংশ হতেই হবে… এটিই আমার নেওয়া সেরা সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তার সব অর্জনের জন্য নয়, বরং মানুষ হিসেবে তিনি যেমন, সে কারণেই। ধোনি সবসময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। এটিই সবসময় তার ঘর হয়ে থাকবে।’

গত তিন আসরে প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ার পর ২০২৭ আইপিএলের জন্য কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন এনেছে চেন্নাই। নতুন এই কোচিং প্যানেলে প্রধান কোচ জহির খানের সঙ্গে কাজ করবেন ধোনি। এছাড়া সহকারী কোচ হিসেবে অ্যালবি মরকেল, গ্যারেথ ব্যাটি ও শ্রীধরন শ্রীরাম, বোলিং কোচ মোহিত শর্মা এবং ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন জেমস ফস্টার।

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী নিলামে চেন্নাইয়ে যোগ দিয়ে টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সফল ক্যারিয়ার গড়েন ধোনি। তার নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে মোট পাঁচবার আইপিএল শিরোপা জেতে চেন্নাই। পাশাপাশি ২০১০ ও ২০১৪ সালে দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও ঘরে তোলে দলটি। আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুবার শিরোপা জয় এবং একই বছরে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তিও গড়ে চেন্নাই।

আইপিএলের প্রথম ১৯ আসরের মধ্যে ১৭টিতেই চেন্নাইয়ের জার্সিতে খেলেছেন ধোনি। ফ্র্যাঞ্চাইজিটি দুই মৌসুম নিষিদ্ধ থাকায় ২০১৬ ও ২০১৭ সালে তিনি রাইজিং পুনে সুপারজায়ান্টের প্রতিনিধিত্ব করেছিলেন। ৩৮.৩০ গড় এবং ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ৫ হাজার ৪৩৯ রান নিয়ে আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন এই উইকেটকিপার-ব্যাটার।

RELATED ARTICLES

Most Popular