মাঠে চেনা ছন্দে নেই, গোলও পাচ্ছেন না আগের মতো। রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের শুরুটা মোটেও ভালো কাটছে না ভিনিসিয়ুস জুনিয়রের। কিন্তু কেন এমন হচ্ছে? বিশ্বকাপ থেকে ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায়, ছুটিতে অনুশীলনের ঘাটতি, চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা, সঙ্গে অন্য ক্লাবগুলোর আগ্রহ। সব মিলিয়ে মাঠের বাইরের নানা বিষয় যে তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে, সেটি অকপটেই স্বীকার করলেন ব্রাজিলিয়ান তারকা।
মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে নিজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে খোলামেলা কথা বলেছেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে মাত্র একটি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি। আগের মৌসুমগুলোতে গোলের পর গোল করা ফরোয়ার্ডের জন্য সংখ্যাগুলো মোটেও স্বস্তিদায়ক নয়।
কেন এমন ছন্দহীনতা, সেই ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্বকাপের প্রসঙ্গ টেনেছেন ভিনিসিয়ুস। তার মতে, বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিত বিদায়ের ধাক্কা কাটিয়ে উঠতে সময় লেগেছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘আমার মনে হয় না, বিশ্বকাপের পর নিজেকে সেরা উপায়ে প্রস্তুত করতে পেরেছিলাম। কারণ, বিশ্বকাপ থেকে বাদ পড়ার ধাক্কাটা সব ব্রাজিলিয়ানের জন্যই অনেক বড় ছিল। এত তাড়াতাড়ি বিদায় নিতে হবে, আমরা কেউই আশা করিনি।’
বিশ্বকাপের পর পাওয়া ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন ভিনিসিয়ুস। বিশ্রামও নিয়েছেন। তবে এর ফলে আগের বছরগুলোর তুলনায় অনুশীলন কম হয়েছে বলে স্বীকার করেছেন ২৬ বছর বয়সী এই তারকা। শুধু শারীরিক প্রস্তুতির ঘাটতিই নয়, মাঠের বাইরের নানা বিষয়ও প্রভাব ফেলেছে তার মানসিক অবস্থায়। বিশেষ করে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা এবং অন্য ক্লাবগুলোর আগ্রহ তাকে কিছুটা অস্থির করে তুলেছিল।
ভিনিসিয়ুস বলেন, ‘এসব কিছুই মৌসুমের শুরুতে আমার পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। এর সঙ্গে ছিল আমার চুক্তি নবায়নের বিষয়টি। গত গ্রীষ্মে অনেক ক্লাব আমাকে নিতে আগ্রহী ছিল। রিয়াল মাদ্রিদের পরিস্থিতিসহ সবকিছুই মানসিকভাবে আমাকে অনেক প্রভাবিত করেছে। তবে মৌসুমটা অনেক দীর্ঘ।’
নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচনার জবাবে রোনালদো ও মেসির উদাহরণও টেনেছেন ভিনিসিয়ুস, ‘এত দীর্ঘ সময় সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়া খুব কঠিন। আমার মনে হয়, শুধু ক্রিস্তিয়ানো ও মেসিই এত বছর ধরে একই ধরনের গোলসংখ্যা ধরে রাখতে পেরেছে। আমিও মানুষ, প্রায়ই ভুল করি। তবে সব সময় নিজেকে আরও ভালো করার চেষ্টা করি।’
তবে সাম্প্রতিক ছন্দহীনতা নিয়ে খুব বেশি চিন্তিত নন রিয়াল মাদ্রিদ তারকা। এর আগেও মৌসুমের শুরুতে গোলের জন্য সংগ্রাম করতে হয়েছে তাকে, ‘গত মৌসুমে ডিসেম্বর পর্যন্ত আমার গোল ছিল মাত্র পাঁচটি। অথচ শেষ পর্যন্ত ২০টির বেশি গোল করেছি, আগের মৌসুমগুলোর মতোই। আমি নিজেকে প্রস্তুত করছি, উন্নতি করছি। কারণ, মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমি সব সময়ই নিজের সেরাটা দিতে পারি।’
ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন ভিনিসিয়ুস। শনিবার জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করলেও দলকে জেতাতে পারেননি তিনি, ‘জাতীয় দলের হয়ে অনেক ম্যাচেই আমি খারাপ খেলেছি। আগে প্রীতি ম্যাচগুলোকে ক্লাবের আর দশটা ম্যাচের মতোই ভাবতাম। বুঝতে সময় লেগেছে, ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ।’
এখন অবশ্য জাতীয় দলের হয়ে নিজের দায়িত্বটা আরও ভালোভাবে বুঝতে পারছেন বলে দাবি ভিনিসিয়ুসের। দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তার। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণদের পথ দেখানোর দায়িত্বও নিতে চান তিনি, ‘আমি এরই মধ্যে দুটি বিশ্বকাপ খেলেছি। তাই সবচেয়ে বড় দায়িত্বটা আমারই নেওয়া উচিত। কারণ, আমার অভিজ্ঞতা বেশি এবং আমি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমাকে সেই দায়িত্ব নিতে হবে, যাতে তরুণেরা শিখতে পারে এবং নিজেদের আরও উন্নত করতে পারে।’
সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির প্রশংসাও করেছেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদে ইতালিয়ান এই কোচের অধীনেই তার ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছেছিল। জাতীয় দলেও আনচেলত্তিকে পেয়ে তাই খুশি তিনি, ‘তিনি আমাকে আগলে রেখেছেন এবং সবচেয়ে ভালোভাবে পথ দেখিয়েছেন। যখন জানতে পারলাম, তিনি জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন, তখন খুব খুশি হয়েছিলাম। কারণ, জানতাম তার অধীনে আমার গোলসংখ্যা বাড়বে। এরই মধ্যে তার অধীনে ১০ গোল করেছি, অথচ এর আগে আমার গোল ছিল মাত্র ৬টি।’
