Homeসারাদেশউন্নত জীবনের আশায় সৌদিতে: কেউ ফিরছেন লাশ হয়ে, কেউ নির্যাতনের ক্ষত নিয়ে

উন্নত জীবনের আশায় সৌদিতে: কেউ ফিরছেন লাশ হয়ে, কেউ নির্যাতনের ক্ষত নিয়ে

সন্তানদের ভালো ভবিষ্যৎ আর ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ার আশায় সৌদি আরবে গিয়েছিলেন সাভারের নার্গিস বেগম। গৃহকর্মীর কাজ পেয়েছিলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে মাসের পর মাস তাকে প্রতিবেলায় খেতে দেওয়া হয়েছে দুই মুঠো মোটা চালের ভাত আর সেদ্ধ আলু। 

মেয়ের বিয়ের জন্য ঋণ করতে হয়েছিল নার্গিসকে। স্বামী অসুস্থ থাকায় দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালাতেও হিমশিম খাচ্ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে ২০২২ সালের মে মাসে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন এই নারী।

সৌদি আরবে গিয়ে পর্যাপ্ত খাবার ও চিকিৎসা পাননি বলে অভিযোগ করেন নার্গিস। তার শারীরিক অবস্থার অবনতি হলেও নিয়োগকর্তা চিকিৎসার ব্যবস্থা করেননি। একসময় মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পিঠে আঘাত পান তিনি।

নার্গিস বলেন, ‘আমি তো মানুষ। কাজ করার জন্য আমার শক্তি দরকার। খাবার না পেলে কীভাবে কাজ করব?’

তার অভিযোগ, একপর্যায়ে নিয়োগকর্তা তার বিরুদ্ধে চুরির অভিযোগও করেন। এরপর তাকে এক দিন-এক রাত আটকে রাখা হয়।

বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ২০২৩ সালের অক্টোবরে দেশে ফেরেন নার্গিস। পরে ব্র্যাক তাকে চিকিৎসাসেবা দেয় এবং পুনর্বাসনের জন্য ৮০ হাজার টাকা সহায়তা করে। সেই অর্থ দিয়ে মুদি দোকান খোলেন তিনি।

নার্গিসের অভিজ্ঞতা বিদেশে, বিশেষ করে সৌদি আরবে কাজ করতে যাওয়া বাংলাদেশি নারীদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের প্রতিফলন। বছরের পর বছর ধরে সেখানে নারী গৃহকর্মীদের নির্যাতনের অভিযোগ এবং প্রবাসে নারীদের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন উঠছে।

শরণার্থী ও অভিবাসনবিষয়ক গবেষণা সংস্থা রামরুর (রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট) ২০২৩ সালে একটি গবেষণা প্রকাশ করে। ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের (ডব্লিউইডব্লিউবি) নথির ভিত্তিতে গবেষণাটি করা হয়। তাতে দাবি করা হয়েছে, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত শ্রমিক নেওয়া বিভিন্ন দেশ থেকে ৭০৫ জন বাংলাদেশি নারী অভিবাসী শ্রমিকের মরদেহ দেশে পাঠানো হয়েছে।

তাদের মধ্যে ১১০ জনের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে সৌদি আরবে। সব মিলিয়ে এসব মৃত্যুর ৩২ শতাংশকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্ঘটনা, হত্যাকাণ্ড ও আত্মহত্যা।

১০০টি মৃত নারীর পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল ওই গবেষণায়। তাদের মধ্যে ৪৮টি পরিবার মৃত্যু সনদে উল্লেখ করা মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলেছে। আর ১১টি পরিবার দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন করেও তা সম্ভব নয় বলে জানতে পেরেছে।

দ্য ডেইলি স্টারের হাতে আসা ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের নথিতে দেখা যায়, ২০২৩ সালে ১০১ জন এবং ২০২৫ সালে ৮৮ জন নারীর মরদেহ দেশে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২০২৩ সালে ২০ জন এবং ২০২৫ সালে ১৪ জনের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে। দুই বছরেই সৌদি আরবে আত্মহত্যার ঘটনা ছিল ১৩টি করে।

২০২৪ সালের দাফন ব্যয় সহায়তার আবেদনসংক্রান্ত একটি নিবন্ধনে ৯৫টি ঘটনার তথ্য রয়েছে। এর মধ্যে ১৫টি মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার ১২টি সৌদি আরবে।

তবে এসব তথ্য ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের সহায়তা দেওয়া ঘটনার হিসাব। বিদেশ থেকে দেশে পাঠানো নারীদের মরদেহের পূর্ণাঙ্গ সংখ্যা এটা নয়।

রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও অভিবাসন বিশেষজ্ঞ তাসনিম সিদ্দিকী বলেন, কর্মপরিবেশের অসহনীয় পরিস্থিতি সহ্য করতে না পেরে কোনো কোনো নারী আত্মহত্যা করতে পারেন। আবার কেউ কেউ নির্যাতিত হওয়ার পর মারা যেতে পারেন।

বিদেশে দেওয়া মৃত্যু সনদের বিশ্বস্ততা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, বাংলাদেশে স্বাধীনভাবে ফরেনসিক পরীক্ষা না করে শুধু বিদেশের সনদের ভিত্তিতে মৃত্যুর কারণ মেনে নেওয়া ঠিক নয়।

তাসনিম সিদ্দিকী বলেন, ‘আমরা বিমানবন্দরে এমন একটি ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছিলাম, যেন মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা পরীক্ষা করা যায়।’

সঠিকভাবে ময়নাতদন্ত করার জন্য দক্ষ চিকিৎসাকর্মী এবং মরদেহ ও ফরেনসিক আলামত সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থাও গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তার মতে, বাংলাদেশে করা পরীক্ষার ফল বিদেশে দেওয়া মৃত্যু সনদের তথ্যের সঙ্গে না মিললে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তদন্তের দাবি জানানো সম্ভব হবে। তিনি বলেন, ‘কিন্তু সেই পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আমরা এখনো নিতে পারিনি।’

যে নারীরা জীবিত দেশে ফেরেন, তাদের অনেককেই গুরুতর শারীরিক ও মানসিক সমস্যার মুখোমুখি হতে হয়।

ঢাকায় ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কেস ম্যানেজমেন্ট কর্মকর্তা নানজিবা কবিরের ধারণা, তিনি দেশে ফেরা যে কজন নারী গৃহকর্মীদের সহযোগিতা করেছেন, তাদের প্রায় ৯০ শতাংশই শারীরিক বা মানসিকভাবে নির্যাতিত হয়েছেন।

তাদের কেউ কেউ যৌন নির্যাতন, খাবার না দেওয়া, অতিরিক্ত কাজ করানো, পরিবারের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া এবং মুঠোফোন ও পাসপোর্ট কেড়ে নেওয়ার অভিযোগও করেছেন।

নানজিবা কবির বলেন, ‘তাদের পুরোপুরি বিচ্ছিন্ন করে নিয়ন্ত্রণ করা হতো।’

তিনি জানান, দেশে ফেরা অনেক নারীর মধ্যে বিষণ্নতা, উদ্বেগ ও আঘাত-পরবর্তী মানসিক চাপজনিত সমস্যার (পিটিএসডি) লক্ষণ দেখা যায়। শুধু চলতি বছরেই ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রায় ৩৫০ জন দেশে ফেরা নারী সহায়তা পেয়েছেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে রাজিয়া বেগমের ঘটনা তুলে ধরেন নানজিবা। পরিবারের সঙ্গে বছরের পর বছর যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন তিনি। এর পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে দেশে ফেরেন রাজিয়া।

নির্ধারিত অভিবাসনপ্রক্রিয়া অনুসরণ করেই সৌদি আরবে গিয়েছিলেন রাজিয়া। তবে ২০২১ সালে তিনি পরিবারকে জানিয়েছিলেন, সেখানে তাকে মারধর করা হচ্ছে এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রাজিয়ার মেয়েরা সহায়তা চেয়ে পুলিশের কাছে গিয়েছিলেন। কিন্তু তারা প্রত্যাশিত সহায়তা পায়নি বলে জানান নানজিবা।

দেশে ফেরার পর রাজিয়া মানুষকে ভয় পেতেন। কারও সঙ্গে ঠিকমতো কথা বলতে পারতেন না। শুরুতে তাকে দেখে মনে হয়েছিল, তিনি নিজের সন্তানদেরও চিনতে পারছেন না।

ব্র্যাকের কর্মীরা আঙুলের ছাপ যাচাই করে তার পরিচয় নিশ্চিত করেন। পরে ২৪ ফেব্রুয়ারি মৌলভীবাজারের বড়লেখায় পরিবারের সদস্যদের কাছে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

নানজিবা আরও একটি ঘটনার কথা জানান। বিদেশে কাজ করার সময় এক নারীকে চারটি বাড়িতে স্থানান্তর করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি দেশে ফেরেন।

রামরুর ২০২৫ সালের সর্বশেষ অভিবাসনবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৬ সাল থেকে বিদেশে যাওয়া অভিবাসী কর্মীদের তথ্য সংরক্ষণ করা হলেও দেশে ফেরা কর্মীদের বিষয়ে বাংলাদেশে এখনো পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার নেই।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক মো. শরিফুল ইসলাম হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা ছাড়াই ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠানো শুরু করে।

তিনি অভিযোগ করেন, নির্যাতনের অভিযোগগুলো প্রায়ই সৌদি কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তোলা হয় না। ফলে নির্যাতনকারীরা শাস্তি এড়িয়ে যাওয়ার সুযোগ পান।

শরিফুল ইসলাম হাসান বলেন, ‘যখন কোনো তদন্ত হয় না, অপরাধীরা শাস্তি পায় না, তখন একজন নারী দেশে ফেরেন, আরেকজন একই ধরনের নির্যাতনের শিকার হতে সেই দেশে যান।’

এ ধরনের উদ্বেগ অবশ্য নতুন নয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের করা একটি গবেষণা ২০১৯ সালের আগস্টে সংসদীয় স্থায়ী কমিটিতে জমা দেওয়া হয়েছিল। ওই গবেষণায় দেখা যায়, সৌদি আরব থেকে দেশে ফেরা ১১০ জন নারী গৃহকর্মীর মধ্যে ৩৫ শতাংশ শারীরিক ও যৌন নির্যাতনের কথা জানিয়েছেন। আর ৪৪ শতাংশ বলেছেন, তারা নিয়মিত বেতন পাননি।

তবে নির্যাতনের ঘটনায় আইনি জবাবদিহি নিশ্চিত হওয়ার নজিরও রয়েছে।

২০১৯ সালে বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগমকে হত্যার ঘটনায় ২০২১ সালে রিয়াদের একটি আদালত নিয়োগকর্তার পরিবারের এক সদস্যকে মৃত্যুদণ্ড দেন।

গত ৩ সেপ্টেম্বর সংসদে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, অভিবাসী কর্মীদের আইনি সহায়তা দিতে সরকার ১৩টি দেশের ২২টি আইন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। সৌদি আরবে সরকারের দুটি নিরাপদ আশ্রয়কেন্দ্রও রয়েছে।

এদিকে রামরুর প্রতিবেদন অনুযায়ী, বিদেশে বাংলাদেশি নারীদের কর্মসংস্থান ২০২২ সালের তুলনায় ২০২৫ সালে ৪০ দশমিক ৯ শতাংশ কমেছে। ২০২২ সালে ১ লাখ ৫ হাজার ৪৬৬ জন নারী বিদেশে কাজ করতে গিয়েছিলেন। ২০২৫ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ৬২ হাজার ৩১৭ জনে।

২০২৫ সালে বিদেশে যাওয়া মোট অভিবাসী কর্মীর মধ্যে নারীর অংশ ছিল মাত্র ৫ দশমিক ৫ শতাংশ। ২০১৬ সালে এ হার ছিল প্রায় ১৬ শতাংশ।

বিদেশে কাজ করতে যাওয়া বাংলাদেশি নারীদের সবচেয়ে বড় গন্তব্য এখনো সৌদি আরব। গত বছর দেশটিতে গেছেন ৪৪ হাজার ৮৩২ জন নারী।

নারীদের বিদেশে কাজ করতে যেতে নিরুৎসাহিত করার কারণ হিসেবে নিয়োগকর্তার বাড়িতে অনিরাপদ কর্মপরিবেশ ও সহিংসতার কথা উল্লেখ করেছে রামরুর প্রতিবেদন।

তাসনিম সিদ্দিকী নারীদের জন্য আরও বেশি নিরাপদ আশ্রয়কেন্দ্র গড়ে তোলা, দূতাবাসের তত্ত্বাবধানে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করা এবং সার্বিক সুরক্ষাব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘ছোট ছোট উদ্যোগ দিয়ে আর কাজ হবে না।’

গত ৪ নভেম্বর সংসদীয় ককাসের এক আলোচনায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নারী গৃহকর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ২০১৫ সালের চুক্তিটি পর্যালোচনার আহ্বান জানান।

তিনি বলেন, তাদের নিরাপত্তা, মর্যাদা, পর্যাপ্ত বিশ্রাম, উপযুক্ত আবাসন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে হবে।

RELATED ARTICLES

Most Popular