যশোরের ভৈরব নদে কচুরিপানা পরিষ্কার করতে প্রথমদিন একাই নেমেছিলেন চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। বিশেষ কোনো সরঞ্জাম ছিল না, কোনো সংগঠনের কর্মীও ছিল না। ছিল শুধু শৈশবের স্মৃতিতে দেখা নদটিকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। চারপাশে তাকিয়ে যেখানে একসময় স্বচ্ছ পানিতে আকাশের ছায়া দেখতেন, সেখানে এখন কচুরিপানার সবুজ আস্তরণ। অনেক জায়গায় তো নদীর পানিও চোখে পড়ে না।
দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে উষা জানান, নদের এই অবস্থা তাকে দীর্ঘদিন ধরেই ব্যথিত করছিল। শেষ পর্যন্ত শুধু আক্ষেপ না করে নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন।
গত ৬ নভেম্বর নদে নেমে পড়েন উষা—একাই। শুরু করেন কচুরিপানা পরিষ্কার করা। পরদিনও একাই কাজ করেন। এরপর ফেসবুকে উষার আহ্বান, ভৈরবকে যারা ভালোবাসেন, এগিয়ে আসুন।
৯ নভেম্বর সকালে যশোর শহরের দড়াটানা এলাকায় ভৈরব নদে নেমে পড়েন অর্ধশতাধিক মানুষ, যারা ‘ভৈরবকে ভালোবাসেন’। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও যোগ দেন। শুরু হয় সম্মিলিতভাবে কচুরিপানা অপসারণের কাজ।
৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা উষার একটি ছোট্ট উদ্যোগ এভাবেই রূপ নিতে শুরু করে নাগরিক পরিচ্ছন্নতা অভিযানে।
বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত উষা। পাশাপাশি তিনি এফসিপিএস (গাইনি অ্যান্ড অবস) প্রশিক্ষণার্থী। যশোর শহরের ঘোপ এলাকায় বেড়ে ওঠায় তার শৈশব-কৈশোরের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে ভৈরব। ছোটবেলায় তিনি দেখেছেন, নদে পানির প্রবাহ ছিল, নৌকা চলত, স্বচ্ছ পানিতে আকাশের প্রতিবিম্ব দেখা যেত। নদটি ছিল শহরের প্রাকৃতিক সৌন্দর্য ও জনজীবনের গুরুত্বপূর্ণ অংশ।
কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র পাল্টে গেছে। নদ দখল, দূষণ, বর্জ্য এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ভৈরবের পরিবেশ নষ্ট হয়েছে। নদীর বিভিন্ন অংশে কচুরিপানা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে পানির প্রবাহ ও জলপথ অনেকটাই আড়ালে চলে গেছে। যশোর শহরের অংশে এখন নৌকা চলাচলের অবস্থা নেই বললেই চলে।
নিজের সেই চেনা নদটির এমন পরিণতি মেনে নিতে পারেননি উষা। বুঝতে পারেন, কর্তৃপক্ষের অপেক্ষায় বসে থাকলে হয়তো পরিস্থিতি বদলাবে না। তাই নিজের সামর্থ্য অনুযায়ী নেমে পড়েন কাজে।
উষা জানান, একজন চিকিৎসক হিসেবে তিনি মনে করেন, মানুষের সুস্থতায় কেবল ওষুধ বা চিকিৎসা যথেষ্ট নয়; প্রয়োজন সুস্থ পরিবেশও। অথচ শহরের প্রাণ হিসেবে পরিচিত ভৈরব এখন অনেক জায়গায় বড় ড্রেনের মতো হয়ে গেছে।
আশপাশের হাসপাতাল, দোকান, হোটেল, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি থেকে ভৈরব নদে বর্জ্য ফেলার অভিযোগ রয়েছে। এসব বর্জ্যের কারণে পানি দূষিত হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে এবং কচুরিপানা বিস্তারের পরিবেশ তৈরি হচ্ছে। নদের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
উষা বলেন, ‘শুধু কচুরিপানা সরিয়ে নদটিকে সাময়িকভাবে পরিষ্কার করতে চাই না। আমার স্বপ্ন, ভৈরব আবার স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে। নদীর পানিতে আকাশের ছায়া পড়বে, পূর্ণিমার রাতে দেখা যাবে চাঁদের প্রতিবিম্ব।’
উষার ডাকে সাড়া দিয়ে যশোরের পাশাপাশি খুলনা থেকেও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন এই কাজে। উই আর বাংলাদেশ ফাউন্ডেশন, বিডি ক্লিনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হন।
নদ পরিষ্কারে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের একজন সাজিদ হোসেন বলেন, ‘ডাক্তারের পোস্ট দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পারি নিজেদের উদ্যোগে কচুরিপানা অপসারণ এবং নদীর পানিপ্রবাহ স্বাভাবিক করতে কাজ করব। আমরা সাত-আটজন বন্ধু মিলে এখানে এসেছি।’
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, ‘এই উদ্যোগে মানুষের সাড়া আশাব্যঞ্জক। আরও মানুষ এগিয়ে আসছেন। এতে উদ্যোগটি দীর্ঘস্থায়ী সামাজিক আন্দোলনে রূপ নেওয়ার আশা তৈরি হয়েছে।’
২৭৯ কোটি টাকা ব্যয়, তবু ফিরছে না নদের প্রাণ
ভৈরবের বর্তমান অবস্থার পেছনে রয়েছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা। এ নিয়ে প্রশ্ন উঠেছে, বিপুল অর্থ ব্যয়ে নদ খননের পরও কেন এর স্বাভাবিক পরিবেশ ও পানিপ্রবাহ ধরে রাখা গেল না?
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরটি গ্রামে পদ্মার শাখা জলঙ্গি নদীতে ভৈরবের উৎপত্তি। এরপর এঁকেবেঁকে নদটি মেহেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
বাংলাদেশে প্রবেশের পর এটি চুয়াডাঙ্গার দর্শনা, ঝিনাইদহের কোটচাঁদপুর, যশোরের তাহেরপুর, আফ্রা ও অভয়নগর এবং খুলনার ফুলতলা, দিঘলিয়া ও দৌলতপুর হয়ে খুলনা নগরের কাস্টমঘাট এলাকায় রূপসা নদীতে গিয়ে মিশেছে। চৌগাছার তাহেরপুরে কপোতাক্ষের উৎসমুখ থেকে খুলনার রূপসা-ভৈরবের মিলনস্থল পর্যন্ত নদটির মোট দৈর্ঘ্য ১৩৩ কিলোমিটার।
নদের নাব্যতা ফিরিয়ে আনা, নৌযান চলাচল স্বাভাবিক করা এবং জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে বড় একটি প্রকল্প হাতে নেয় পাউবো। পাউবো যশোর কার্যালয় সূত্র জানায়, ২৭২ কোটি ৮১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি ‘ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের’ কাজ শুরু হয় ২০১৬ সালের ১ জুলাই। পরে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের ৩০ জুন করা হয়। একইসঙ্গে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ২৭৯ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা।
প্রকল্পের আওতায় যশোরের চৌগাছা উপজেলার তাহেরপুর থেকে সদর উপজেলার বসুন্দিয়া পর্যন্ত ৯২ কিলোমিটার নদ পুনঃখনন করা হয়। এ ছাড়া, বসুন্দিয়া থেকে আফ্রা ঘাট পর্যন্ত আরও চার কিলোমিটার নদ ড্রেজিং করা হয়।
প্রকল্পের আওতায় যশোর শহরের প্রাণকেন্দ্রে ভৈরব নদের তীরে ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার এলাকাজুড়ে সৌন্দর্যবর্ধনের কাজও করা হয়।
তবে এত বড় বিনিয়োগের পরও নদটির বিভিন্ন অংশে কচুরিপানা ও আবর্জনা জমেছে। নদীর বিভিন্ন জায়গায় দখল ও দূষণের অভিযোগ রয়েছে। এর অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে নদের ওপর নির্মিত ৫২টি অপরিকল্পিত সেতু। এসব সেতুর কারণে ভৈরবের নৌযোগাযোগ স্থাপন এবং জোয়ার-ভাটার পানিপ্রবাহ নির্বিঘ্ন করা সম্ভব হচ্ছে না। ফলে বিস্তীর্ণ এলাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় পানি চলাচল না করায় কচুরিপানা জন্মেছে ও ছড়িয়ে পড়েছে। ঘন কচুরিপানার কারণে এসব এলাকায় নৌকা চলাচলও সম্ভব হচ্ছে না।
অর্থাৎ, শুধু খনন করলেই যে নদ-নদীর প্রাণ ফিরে আসে না, ভৈরবের বর্তমান পরিস্থিতি তারই উদাহরণ। খননের পাশাপাশি পানিপ্রবাহ নিশ্চিত করা, অবৈধ দখল ও দূষণ বন্ধ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি।
মাহফুজুর রহমান মুকুল বলেন, ‘শুধু খনন করলেই নদ বাঁচে না। খননের পর নিয়মিত তদারকি, দখল বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পানির প্রবাহ নিশ্চিত করা জরুরি। এসব ক্ষেত্রে কার্যকর নজরদারি না থাকলে অল্প সময়ের মধ্যেই নদ আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে।’
ভৈরবের ক্ষেত্রেও তেমন আশঙ্কা তৈরি হয়েছে। নদে নিয়মিত বর্জ্য ফেলা বন্ধ না হওয়া এবং কচুরিপানা অপসারণের স্থায়ী ব্যবস্থা না থাকায় পরিচ্ছন্নতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানিয়েছেন, ভৈরব নদের শহর অংশ থেকে কচুরিপানা অপসারণের জন্য সরকারি বরাদ্দ পাওয়া গেছে। শিগগির এ কাজ শুরুর প্রস্তুতি চলছে। ফলে স্বেচ্ছাসেবীদের উদ্যোগের পাশাপাশি সরকারি ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে উষার উদ্যোগ একটি বড় প্রশ্ন সামনে এনেছে—নদ রক্ষার দায়িত্ব কি শুধু সরকারি সংস্থার, নাকি নাগরিকদেরও রয়েছে?
নদ পরিষ্কারে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা চান, সাধারণ মানুষ নদকে নিজেদের সম্পদ মনে করুক। শুধু কচুরিপানা সরিয়ে নয়, নদে বর্জ্য না ফেলা এবং দখল-দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির মাধ্যমেও নদ রক্ষায় ভূমিকা রাখা সম্ভব।
তবে এই উদ্যোগের স্থায়িত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতা প্রয়োজন। কারণ, কয়েক দিনের স্বেচ্ছাশ্রমে পুরো নদ পরিষ্কার করা সম্ভব নয়। একইসঙ্গে নদে বর্জ্য ফেলা বন্ধ, অবৈধ দখল উচ্ছেদ, নিয়মিত কচুরিপানা অপসারণ এবং নৌযান চলাচলের উপযোগী পানিপ্রবাহ ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার।
উষা হয়তো একা পুরো ভৈরবকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না। কিন্তু তিনি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন—নদটির দুরবস্থাকে আর শুধু আলোচনার বিষয় হিসেবে থাকতে দেননি; নিজে নেমে অন্যদেরও কাজে যুক্ত করেছেন। তার এই উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য হয়তো কচুরিপানা অপসারণের পরিমাণ নয়, বরং মানুষের মধ্যে নদটির প্রতি নতুন করে ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি হওয়া।
