Homeসারাদেশএসআরবি মহাপরিচালকসহ পুলিশের শীর্ষ পদে রদবদল

এসআরবি মহাপরিচালকসহ পুলিশের শীর্ষ পদে রদবদল

পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদকে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সায়েদকে নিয়োগ দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদের সই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির বর্তমান মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্বে থাকা ফারুক আহমেদ।

অন্যদিকে, জিএমপির বর্তমান কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে শিল্প পুলিশে পদায়ন করা হয়েছে।

শিল্প পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে।

এদিকে, রেলওয়ে পুলিশের দায়িত্বে থাকা ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জে পদায়ন করা হয়েছে। তিনি ওই রেঞ্জের ডিআইজির দায়িত্বে থাকা আশিক সায়েদের স্থলাভিষিক্ত হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

৫ জেলায় পুলিশ সুপার পদে রদবদল

এদিকে, পাঁচ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে। জেলাগুলো হলো—নীলফামারী, সুনামগঞ্জ, মুন্সীগঞ্জ, জামালপুর ও বরগুনা।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে বলা হয়, নীলফামারীর এসপি মো. ফরহাদ হোসেন খানকে বিশেষ পুলিশ সুপার হিসেবে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জের এসপি মো. মেনহাজুল আলমকে নীলফামারীর নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে।

বিশেষ শাখার (এসবি) উপপরিচালক (এসপি) মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জের এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তাকে নেত্রকোণার এসপি হিসেবে বদলি করা হয়েছিল। তবে নতুন প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করা হয়েছে।

এছাড়া জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

বরগুনার এসপি মো. কুদরত-ই-খুদাকে জামালপুরে বদলি করা হয়েছে। অন্যদিকে, এসআরবির এসপি কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া নেত্রকোণার এসপি মো. তারিকুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে বদলির বিষয়ে গত ২২ সেপ্টেম্বর জারি করা আগের আদেশটিও বাতিল করা হয়েছে।

 

RELATED ARTICLES

Most Popular