ঢাকার সবচেয়ে বড় পোষা প্রাণীর বাজার কাঁটাবন। সেখানে গেলেই চোখে পড়ে প্রাণীদের দুর্দশার নানা চিত্র। কোথাও লোহার শিকের ওপর অস্থিরভাবে পায়চারী করছে কুকুর। ছোট ছোট খাঁচায় আটকে রাখা হয়েছে অসুস্থ বিড়ালগুলোকে। আবার গরমের মধ্যে বাতাস চলাচলের ব্যবস্থা বা এসি ছাড়াই দোকানগুলোতে গাদাগাদি করে রাখা হয়েছে পাখি।
প্রাণীকল্যাণ আইন, ২০১৯-এ প্রাণীদের প্রতি এমন আচরণকে নিষ্ঠুরতা হিসেবে বিবেচনা করা হয়েছে।
আইনের ৬(১)(গ) ধারায় কোনো প্রাণীকে প্রয়োজনীয় খাবার ও পানি না দেওয়াকে নিষ্ঠুরতা বলা হয়েছে। একইভাবে ৬(১)(ক) ধারায় ক্ষুধার্ত, তৃষ্ণার্ত বা আহত প্রাণীর চিকিৎসার ব্যবস্থা না করে সেটি বিক্রি করাকেও নিষ্ঠুরতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিক্রেতারা এসব নিষেধাজ্ঞার বিষয়ে জানেন। তারা এটাও জানেন, এই আইন কার্যকরের ব্যবস্থা এতটাই দুর্বল যে বাস্তবে কোনো শাস্তির মুখে না পড়েই তারা ব্যবসা চালিয়ে যেতে পারবেন।
আইন প্রয়োগের দুর্বলতা অবশ্যই একটা সমস্যা। তবে এর চেয়েও বড় সমস্যা হতে পারে আইনের ভাষা ও কাঠামো। এমনভাবে আইনটা তৈরি করা হয়েছে, যেন তা কার্যকর করা অনেকটা ঐচ্ছিক।
আইনের ৬(১)(ঘ) ধারায় কোনো প্রাণীকে এমনভাবে আটকে রাখলে নিষ্ঠুরতা হিসেবে গণ্য করা হয়েছে, যেন সেটি স্বাভাবিকভাবে দাঁড়াতে, বসতে বা শুতে না পারে।
বেশির ভাগ প্রাণীর ক্ষেত্রে এটাই একমাত্র নির্ধারিত মানদণ্ড। খাঁচার আকার কত বড় হতে হবে, তাপমাত্রা কেমন থাকবে কিংবা বাতাস চলাচলের ব্যবস্থা কী হবে, সে বিষয়ে আইনে কিছু বলা নেই।
কুকুরের ক্ষেত্রে অবশ্য আরও একটা বিধান আছে। ৬(১)(ঝ) ধারায় বলা হয়েছে, কোনো কুকুরকে টানা ২৪ ঘণ্টা বা তার বেশি সময় চলাফেরার সুযোগ না দিয়ে আটকে রাখা যাবে না।
কিন্তু এই নিয়ম সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব। কোনো দোকানি ২৩ ঘণ্টা পর কুকুরটিকে পাঁচ মিনিটের জন্য খাঁচা থেকে বের করে আবার আটকে রাখতে পারেন। এতে আইনের বিধান লঙ্ঘন হবে না। অথচ কুকুরটি তার জীবনের প্রায় পুরো সময়ই খাঁচায় বন্দী থাকবে।
বাস্তবতা হলো, কাটাবনে এখনো প্রাণীদের খুবই ছোট খাঁচায় আটকে রাখা হচ্ছে। অথচ এ কারণে খুব কম দোকানের বিরুদ্ধেই মামলা হয়েছে।
এর একটা কারণ, আইনের এই মানদণ্ড অত্যন্ত অস্পষ্ট। কোনো প্রাণী স্বাভাবিকভাবে দাঁড়াতে, বসতে বা শুতে পারছে কি না, সেটাই এখানে বিবেচ্য। কিন্তু ‘স্বাভাবিক’ অবস্থার কোনো পরিমাপক নেই। আদালতে তা প্রমাণ করাও কঠিন।
মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। আমার মতে, এই পরিমাণ জরিমানা দোকানমালিকদের আচরণ পরিবর্তনে খুব একটা প্রভাব ফেলবে না।
তবে সাজা দেওয়ার পর্যায়ে পৌঁছানোর আগেই আরও বড় বাধা আছে।
আইনের ১৮ ধারা অনুযায়ী, প্রাণীকল্যাণ আইন, ২০১৯-এর অধীনে কোনো অপরাধের বিষয়ে কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ছাড়া আদালত মামলা আমলে নিতে পারেন না। এখানে কর্তৃপক্ষ বলতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অথবা তার অনুমোদিত ওই অধিদপ্তরের কোনো পশুচিকিৎসককে বোঝানো হয়েছে।
অর্থাৎ, কোনো সাধারণ নাগরিক প্রাণীর প্রতি নিষ্ঠুরতার স্পষ্ট প্রমাণ সংগ্রহ করলেও নিজে মামলা করতে পারবেন না। প্রমাণ যত শক্তিশালীই হোক, তার মামলা করার সুযোগ নেই।
এ কারণেই ২০২২ সাল পর্যন্ত প্রাণীকল্যাণ নিয়ে কাজ করা সংগঠনগুলোর হিসাবে, এই আইনের অধীনে সারা দেশে মাত্র ১০টির মতো মামলা হয়েছিল।
প্রাণীকল্যাণ আইনে নির্ধারিত সাজা এড়ানোর সুযোগও রয়েছে।
২০২৪ সালে ফেনীর একটি মামলায় দুই মা কুকুর ও তাদের নয়টি বাচ্চাকে পিটিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন আদালত। কিন্তু প্রাণীকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী তাকে কারাদণ্ড বা জরিমানা করা হয়নি। এর পরিবর্তে আদালত তাকে প্রবেশনে মুক্তি দেন এবং ১৫টি কুকুরের যত্ন নেওয়ার নির্দেশ দেন।
প্রাণীকল্যাণ আইনে প্রবেশনের কোনো বিধান নেই। এ ক্ষেত্রে আদালত অপরাধীকে সাজা দেন না। বরং প্রবেশনে মুক্তি দেওয়ার সুযোগসংবলিত একটি সাধারণ আইন, ১৯৬০ সালের অপরাধী সংশোধন অধ্যাদেশের ৫ ধারা অনুসরণ করেন।
অর্থাৎ, ১১টি কুকুরকে হত্যার পর ওই ব্যক্তির দায়িত্বে আরও ১৫টি কুকুর দেওয়া হয়।
অবশ্য সব আদালত এমন নমনীয় আচরণ করেন না। ২০২৬ সালের মার্চে ঢাকার একটি আদালত ধলপুরে ২০টি কুকুর হত্যার দায়ে তিন ব্যক্তিকে আড়াই বছর করে কারাদণ্ড দেন। তবে ফেনীর মতো ঘটনা আবারও ঘটতে পারে, তা ঠেকানোর কোনো বিধান প্রাণীকল্যাণ আইনে নেই।
সাধারণ নাগরিকদের মামলা করার সুযোগ প্রায় নেই বললেই চলে। এ অবস্থায় পোষা প্রাণীর দোকানগুলোর ওপর নজরদারি নিশ্চিত করতে নিবন্ধনব্যবস্থা অন্তত একটা উপায় হতে পারত।
আইনের ৯ ধারায় বলা হয়েছে, বাণিজ্যিক উদ্দেশ্যে পোষা প্রাণী উৎপাদন করেন বা এ উদ্দেশ্যে খামার পরিচালনা করেন, এমন ব্যক্তিদের নির্ধারিত বিধিমালা অনুযায়ী নিবন্ধন নিতে হবে।
কিন্তু আইনটি পাস হওয়ার সাত বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেই বিধিমালা তৈরি হয়নি। ফলে খাঁচার ন্যূনতম আকার, বাতাস চলাচলের ব্যবস্থা, পশুচিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা কিংবা নিবন্ধনের অন্য কোনো মানদণ্ডও নির্ধারণ করা হয়নি।
যে নিবন্ধনব্যবস্থাই এখনো চালু হয়নি, সেখানে কোনো দোকানের পক্ষে নিবন্ধন নেওয়া সম্ভব নয়। আবার যে বিধিমালা এখনো তৈরি হয়নি, তা লঙ্ঘনের দায়ে আইনের ৯(৩) ও ১৬(ক) ধারায় কোনো দোকানের বিরুদ্ধে মামলাও করা যায় না।
অর্থাৎ, বাস্তবে এই নিবন্ধনের বাধ্যবাধকতার কোনো কার্যকারিতা নেই।
তাই আইন প্রয়োগের দুর্বলতা একটা সমস্যা হলেও শুধু আইন প্রয়োগ বাড়ালেই চলবে না। আইনেরও পরিবর্তন প্রয়োজন।
এ ক্ষেত্রে অন্য দেশগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। যুক্তরাজ্যে যেকোনো নাগরিক প্রাণীর প্রতি নিষ্ঠুরতার ঘটনায় মামলা করতে পারেন।
অন্যদিকে ভারত ও সিঙ্গাপুরে পোষা প্রাণীর দোকানের জন্য লাইসেন্স বাধ্যতামূলক। এসব দোকানের পরিচালকদের প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থাও রয়েছে।
বাংলাদেশে সাধারণ নাগরিকদের আইন মেনে চলা নিশ্চিত করার ক্ষমতা প্রায় নেই বললেই চলে। কেউ কাটাবনে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার ঘটনা দেখলে তা জানাতে পারেন। কিন্তু প্রাণিসম্পদ অধিদপ্তর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত না নিলে কার্যত কিছুই হয় না।
জেভিয়ার ফারুক: সানবিমস স্কুলের শিক্ষার্থী
