Homeশিক্ষাগবেষণার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২২৬ কোটি টাকা বরাদ্দ: ইউজিসি

গবেষণার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২২৬ কোটি টাকা বরাদ্দ: ইউজিসি

চলতি ২০২৬-২৭ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য ২২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে।

আজ শুক্রবার এক বিবৃতিতে ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এ তথ্য জানিয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি—সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত এমন কিছু প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ইউজিসি বিষয়টি ব্যাখ্যা করেছে।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের ওই প্রতিবেদনগুলো অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এগুলোতে গবেষণার অর্থায়নের সামগ্রিক চিত্র প্রতিফলিত হয়নি।

ইউজিসি আরও জানায়, এ ধরনের প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৬-২৭ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য গবেষণা বরাদ্দ আগের অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। গবেষণা অর্থায়নের ক্ষেত্রে যেকোনো ধরনের দ্বৈততা বা পুনরাবৃত্তি এড়াতে সরকার গবেষণা প্রকল্পের অর্থায়ন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ এবং গবেষক-বান্ধব করেছে।

নতুন প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক পরিচয়, গবেষণার অগ্রাধিকার বা বিষয়ের বৈচিত্র্যের ওপর কোনো প্রভাব পড়বে না বলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আশ্বস্ত করেছে।

ইউজিসি জানায়, গত ২ জুলাই দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠিয়ে তাদের গবেষণা পরিকল্পনা, উপ-খাতভিত্তিক অর্থায়নের প্রয়োজনীয়তা এবং বাজেটের প্রাক্কলন যত দ্রুত সম্ভব পাঠানোর অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রস্তাব পাওয়ার পর কমিশন স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ ছাড় করবে বলে জানিয়েছে।

চিঠিতে বিশ্ববিদ্যালয়গুলোকে বাজেট তৈরির সময় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণায় অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে ইউজিসি।

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা উপযোগী পরিবেশ গড়ে তুলতে জ্যেষ্ঠ গবেষকদের পাশাপাশি উদীয়মান গবেষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার অনুরোধও জানানো হয়েছে চিঠিতে।

এছাড়া, গবেষণা প্রকল্প প্রস্তুত করার সময় সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো বিবেচনায় নিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।

RELATED ARTICLES

Most Popular