Homeসারাদেশচেক ডিজঅনার: অনন্ত জলিল ও তার স্ত্রীকে এমটিবি ব্যাংকের আইনি নোটিশ

চেক ডিজঅনার: অনন্ত জলিল ও তার স্ত্রীকে এমটিবি ব্যাংকের আইনি নোটিশ

ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত এবং তার স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি প্রত্যাখ্যাত হওয়ায় এ নোটিশ পাঠিয়েছে ব্যাংকটি।

এমএ জলিল মূলত অনন্ত জলিল হিসেবে পরিচিত। তিনি এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এবং তার স্ত্রী খাদিজা পারভীন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।

এমটিবির পান্থপথ শাখার পক্ষে ব্যাংকটির প্যানেল আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু এই আইনি নোটিশ পাঠান। গত ৫ নভেম্বর একটি জাতীয় দৈনিকে নোটিশটি প্রকাশিত হয়।

নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি টাকার মেয়াদি ঋণ পুনঃতফসিল করে এমটিবি ব্যাংক। নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তিতে পরিশোধের শর্তে এই ঋণ পুনর্গঠন করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ঋণগ্রহীতারা পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ঋণের আংশিক টাকা পরিশোধের জন্য অনন্ত জলিল ২০২৬ সালের ১৮ অক্টোবর ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করেন।

গত ২ নভেম্বর ব্যাংকের বগুড়া শাখার মাধ্যমে চেকটি প্রতিষ্ঠানটির হিসাবে জমা দেওয়া হয়। কিন্তু হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

নোটিশে আরও বলা হয়েছে, একই দিন ব্যাংকের বগুড়া শাখা চেকটি প্রত্যাখ্যাত হওয়ার কারণ উল্লেখ করে একটি চেক রিটার্ন মেমো ইস্যু করে।

নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পুরো টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে এমটিবি। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে আদালতে মামলা করার পাশাপাশি আইন অনুযায়ী অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে। এসব আইনি পদক্ষেপের যাবতীয় খরচ ঋণগ্রহীতাদেরই বহন করতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানের চেয়ারম্যান অনন্ত জলিল ও ব্যবস্থাপনা পরিচালক খাদিজা পারভীন ফোনে এবং সরাসরি একাধিকবার ব্যাংককে বকেয়া টাকা পরিশোধের আশ্বাস দিয়েছিলেন।

এমটিবিরি একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। আইনি নোটিশের একটি অনুলিপিও সংগ্রহ করেছে দ্য ডেইলি স্টার।

এ বিষয়ে অনন্ত জলিলের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

RELATED ARTICLES

Most Popular