Homeশিক্ষাজাবি শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ: ক্যাম্পাসে ১২ বাস আটকে বিক্ষোভ

জাবি শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ: ক্যাম্পাসে ১২ বাস আটকে বিক্ষোভ

বাসের ভেতর ছাত্রীকে হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ ওঠার পর আজ ইতিহাস পরিবহনের ১২টি বাস আটকে রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তার ক্ষমা চাওয়ার দাবিতে আজ দুপুর থেকে বাসগুলো ক্যাম্পাসে আটকে রাখা হয়।

অভিযোগের ব্যাপারে ওই ছাত্রী জানান, গতকাল রোববার তিনি হেমায়েতপুর থেকে ক্যাম্পাসে ফেরার জন্য ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন। হেমায়েতপুর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভাড়া ১০ টাকা হলেও ওই বাসের কন্ডাক্টর তার কাছ থেকে ২০ টাকা আদায় করেন।

তার অভিযোগ, এরপর সুপারভাইজার বাসটি নির্ধারিত জায়গায় না থামিয়ে তাকে নেমে যেতে বলেন। বাস থামানোর পর নামবেন জানালে ওই ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন।

তিনি চিৎকার করলে সুপারভাইজার পিছিয়ে যান। তবে বাস থেকে নামার পর ওই ব্যক্তি তাকে এবং তার সঙ্গে থাকা আরেকজনকে গালিগালাজ করেন বলে অভিযোগ করেন ছাত্রী।

এ ব্যাপারে জাবির প্রক্টর অধ্যাপক মো. আবদুল হালিম জানান, বাসভাড়াকে কেন্দ্র করে ইতিহাস পরিবহনের এক হেলপার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন।

তিনি বলেন, ‘এর প্রতিবাদে শিক্ষার্থীরা আজ ক্যাম্পাসের ভেতরে কয়েকটি বাস আটকে রাখেন। তাদের দাবি, অভিযুক্তকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।’

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে বাস কোম্পানিকে বিষয়টি অবহিত করে। এরপর অভিযুক্ত ওই সহকারীকে শনাক্ত করে ক্যাম্পাসে নিয়ে আসে কোম্পানির লোকজন।

প্রক্টর বলেন, ‘ছাত্রীর অনুরোধে কোনো জরিমানা ছাড়াই আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। অভিযুক্ত হেলপার অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন।’

দুজন সহকারী প্রক্টরকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular