Homeস্পোর্টসটাকা দিয়ে ভোট দেওয়ার লড়াইয়ে মেসির চেয়ে অনেক এগিয়ে রোনালদো

টাকা দিয়ে ভোট দেওয়ার লড়াইয়ে মেসির চেয়ে অনেক এগিয়ে রোনালদো

মাঠে তাদের শ্রেষ্ঠত্বের লড়াই চলছে দুই দশকের বেশি সময় ধরে। একজন আটবারের ব্যালন ডি’অরজয়ী, অন্যজন জিতেছেন পাঁচবার। কে সেরা, লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো, সেই বিতর্কের যেন শেষ নেই। এবার ব্যালন ডি’অরের বিশেষ এক ভোটাভুটিতে আবারও মুখোমুখি দুই মহাতারকা। আর সেখানে আর্জেন্টাইন তারকাকে অনেক পেছনে ফেলেছেন রোনালদো।

তবে এই ভোটের নিয়মটা বেশ অদ্ভুত। প্রতিবার ভোট দিতে গুনতে হচ্ছে এক ইউরো। চাইলে একজন সমর্থক অর্থ খরচ করে একই ফুটবলারকে যতবার খুশি ভোট দিতে পারবেন।

আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। সেই আয়োজন সামনে রেখে বিশেষ এক ভোটাভুটির ব্যবস্থা করেছে পুরস্কারটির আনুষ্ঠানিক ওয়েবসাইট। ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ নামের এই আয়োজনে সমর্থকদের ভোটে বেছে নেওয়া হবে ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম।

যেখান রয়েছেন একাধিকবার ব্যালন ডি’অর জেতা ১০ কিংবদন্তি ফুটবলার। মেসি ও রোনালদো ছাড়াও তালিকায় রয়েছেন ব্রাজিলের রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেদো দি স্তেফানো।

ভোটাভুটিতে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম। ১৮ অক্টোবর প্রকাশিত হিসাব অনুযায়ী, মোট ভোটের ৬২ শতাংশ পেয়েছে পর্তুগিজ তারকার সেই মৌসুম। অন্যদিকে মেসির ২০১২ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম পেয়েছে মাত্র ১৩ শতাংশ ভোট। তৃতীয় স্থানে রয়েছে মেসির ২০২৩ সালের মৌসুম, যেটি পেয়েছে ৯ শতাংশ ভোট।

২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছিলেন রোনালদো। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও ছিলেন অসাধারণ। প্রিমিয়ার লিগে করেছিলেন ৩১ গোল। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জেতেন তিনি।

মেসির ২০১২ সালের মৌসুমটিও ছিল ইতিহাস গড়া। সেই বছর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৯ ম্যাচে ৯১ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের সেই রেকর্ড এখনও অক্ষত। এমন পারফরম্যান্সে টানা চতুর্থবার ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি।

অন্যদিকে ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর সুবাদে পরের বছর অষ্টম ব্যালন ডি’অর জেতেন তিনি। সেই মৌসুমটিও ভোটে তৃতীয় স্থানে রয়েছে।

তবে এই ভোটাভুটির সবচেয়ে আলোচিত বিষয় হলো অর্থের বিনিময়ে ভোট দেওয়ার ব্যবস্থা। একজন সমর্থককে প্রতিটি ভোটের জন্য এক ইউরো খরচ করতে হচ্ছে। সেই অর্থের বিনিময়ে ব্যালন ডি’অরের একটি বিশেষ ডিজিটাল ছবি ডাউনলোডের সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে।

আরও মজার ব্যাপার, একজন সমর্থক চাইলে বারবার ভোট দিতে পারবেন। এমনকি একই ফুটবলারের একটি নির্দিষ্ট মৌসুমকেও একাধিকবার ভোট দেওয়া যাবে। শর্ত শুধু একটাই, প্রতিবারই খরচ করতে হবে এক ইউরো।

ফলে এই ভোটের ফল দিয়ে মেসি ও রোনালদোর মধ্যে কে সর্বকালের সেরা, সেই সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। কারণ, এখানে তাঁদের পুরো ক্যারিয়ারের তুলনা হচ্ছে না। বরং প্রতিটি ব্যালন ডি’অরজয়ী মৌসুমকে আলাদাভাবে ভোট দেওয়া হচ্ছে। তার ওপর অর্থ খরচ করে একাধিকবার ভোট দেওয়ার সুযোগ থাকায় ফলাফল নির্ভর করছে সমর্থকদের অংশগ্রহণের ওপরও।

চলতি মাসের শুরুতে ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ২৭ অক্টোবর প্যারিসের স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভোট দেওয়া যাবে। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৮ অক্টোবর।

RELATED ARTICLES

Most Popular