ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-নেতৃত্বাধীন জোটের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
এই উপনির্বাচনে ৬৪ দশমিক ৮১ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম আজ বৃহস্পতিবার রাতে এই ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী (বটগাছ প্রতীক) পেয়েছেন ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব প্রতীক) পেয়েছেন ৪৫০ ভোট।
উপনির্বাচনে মোট ৩ লাখ ৩৪ হাজার ৩৩০টি ভোট পড়েছে; এর মধ্যে ৩ লাখ ২৯ হাজার ৫টি ভোট বৈধ এবং ৫ হাজার ৩২৫টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে।
ভোট পড়ার এই হিসাবে ডাকযোগে আসা ব্যালট অন্তর্ভুক্ত নেই।
ঠাকুরগাঁও সদর, ভুল্লি ও রুহিয়া উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকায় মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫১ জন। ১৮৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ১৮৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৯৮৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ১ হাজার ৯৭৮ জন পোলিং কর্মকর্তা।
