ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাংবাদিক নাদিম হোসেন (৪০)। সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যান তিনি।
নাদিম হোসেনের সহকর্মীরা জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নাদিম। শুক্রবার ভোরে তার অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরবর্তীতে বিকেল সাড়ে ৪টার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাদিম সাভারের শাহীবাগ এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি মোহনা টেলিভিশন, বাংলা মেইল টোয়েন্টিফোর, বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, ‘নাদিম হোসেন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক ছিলেন। তিনি গুণী সাংগঠনিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আমরা তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’
সাভার প্রেসক্লাবের সামনে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে নাদিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাতে গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে।
