গোল করে উল্লাসে মাততে যাচ্ছিলেন কিনজ্যাং তাশি তোবডেন। কিন্তু তার আনন্দে বাধা হয়ে দাঁড়াল সহকারী রেফারির উঁচিয়ে ধরা পতাকা। অফসাইডের সিদ্ধান্তে বাতিল হয়ে যায় ভুটানের গোল। তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় বদলে যায় সিদ্ধান্ত। গোল ফিরে পায় ভুটান। আর তাতেই ইতিহাসের অংশ হয়ে যায় ঢাকার জাতীয় স্টেডিয়াম। সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভিএআরের সিদ্ধান্ত যাচাইয়ের সুবিধা পাওয়া দলটির নাম ভুটান।
শনিবার সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে এই অভিজ্ঞতা হয় ভুটানের। ম্যাচের ৪৮তম মিনিটে আসে ঐতিহাসিক মুহূর্তটি। ভুটানের অভিজ্ঞ ফরোয়ার্ড চেঞ্চো জিয়েলশেনের সাইডভলি থেকে আসা বলে মাথা ছুঁইয়ে জালে পাঠান কিনজ্যাং। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে থেমে যায় তার উদ্যাপন।
এরপরই প্রথমবারের মতো সাফের কোনো ম্যাচে গোলের সিদ্ধান্ত যাচাইয়ে ব্যবহার করা হয় ভিএআর। ঢাকায় খেলা চললেও সেই সিদ্ধান্ত পর্যালোচনা করা হয় থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে। রিপ্লেতে দেখা যায়, চেঞ্চো বলটি পাঠানোর মুহূর্তে অল্পের জন্য অফসাইডের ফাঁদ এড়িয়ে গেছেন কিনজ্যাং। শেষ পর্যন্ত অফসাইডের সিদ্ধান্ত বাতিল হয়। গোল পায় ভুটান।
ভিএআরের সেই সিদ্ধান্তে ম্যাচেও ফিরে আসে উত্তেজনা। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকা ভুটান ব্যবধান কমিয়ে আনে ২-১-এ। গোলটি পাওয়ার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠেন চেঞ্চোরা। আক্রমণের ধার বাড়িয়ে ভারতকে রীতিমতো চাপে ফেলে দেন তারা।
এর আগে নবম মিনিটেই এগিয়ে গিয়েছিল ভারত। লম্বা পাস ধরে বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে ভুটানের নিমা ওয়াংদিকে নাটমেগ করে বল জালে পাঠান বিষ্ণু পুথিয়া ভালাপ্পিল। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভারতের অধিনায়ক চিংলেনসানা সিং। মাংলেনথাং কিপগেনের কর্নার ভুটানের রক্ষণভাগ ঠিকমতো বিপদমুক্ত করতে না পারলে সামনে পাওয়া বলে জোরালো শটে গোল করেন তিনি।
বিরতির পর অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। ভিএআরের সহায়তায় গোল ফিরে পাওয়ার পাঁচ মিনিট পরই আবার সুযোগ তৈরি করে ভুটান। ৫৩তম মিনিটে ঘুরে দাঁড়িয়ে চেঞ্চোর নেওয়া শট মুষ্টিবদ্ধ হাতে ঠেকিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভারতের গোলরক্ষক আরশ আনোয়ার শেখ।
শুধু গোলের ক্ষেত্রেই নয়, এরপর আরও একবার ভিএআরের সিদ্ধান্ত যায় ভুটানের পক্ষে। ৬৪তম মিনিটে ভুটানের এক খেলোয়াড়ের হাতে বল লাগার ঘটনায় ভারতকে পেনাল্টি দেন রেফারি। কিন্তু আবারও ভিএআরের সহায়তা নেওয়ার পর বদলে যায় সিদ্ধান্ত। বাতিল হয় ভারতের পেনাল্টি। ফলে ঢাকার মাঠে প্রথমবার ভিএআর ব্যবহারের দিনেই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে সুবিধা পায় ভুটান।
দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় এর আগে কখনো ভিএআর ব্যবহার করা হয়নি। এবারের আসরের দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য প্রথমবার প্রযুক্তিটি যুক্ত করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। তবে প্রচলিত ব্যবস্থার মতো স্টেডিয়ামেই ভিএআরের নিয়ন্ত্রণকক্ষ রাখা হয়নি। ব্যবহার করা হচ্ছে ‘রিমোট ভিএআর’ প্রযুক্তি।
এই ব্যবস্থায় ঢাকার জাতীয় স্টেডিয়ামের ক্যামেরায় ধারণ করা ম্যাচের সরাসরি ভিডিও পাঠানো হচ্ছে থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে। সেখান থেকে ভিডিও ম্যাচ কর্মকর্তারা বিতর্কিত ঘটনাগুলো পর্যালোচনা করে মাঠের রেফারিকে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকছে মাঠের রেফারির হাতেই।
