Homeসারাদেশনারায়ণগঞ্জে বকেয়া বেতন না দিয়ে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে বকেয়া বেতন না দিয়ে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন পরিশোধ না করে ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা। পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠানটির নাম আম্বার বোর্ড মিলস লিমিটেড।

আজ শনিবার সকালে উপজেলার হাটাব এলাকার রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ করে তারা  বিক্ষোভ করেন। ঘণ্টাখানেক ধরে এই বিক্ষোভ চলে।

পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা সরে যান বলে জানান শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ারুল হক।

তিনি বলেন, সকালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে ইউএনও, থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল সাড়ে ৮টা থেকে কারখানার সামনে জড়ো হতে থাকেন শ্রমিকেরা। ৯টার দিকে তারা রূপসী-কাঞ্চন সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের অজুহাতে প্রতিষ্ঠানটিতে লে-অফ ঘোষণা করা হয়। পরে ১৯৮ শ্রমিককে ছাঁটাই করা হয়। তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধ না করারও অভিযোগ তোলেন শ্রমিকেরা। একের পর এক তারিখ দিয়েও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে তারা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ বিন শফিক বলেন, শ্রমিকদের অভিযোগ, চলতি বছরের ২৩ আগস্ট গ্যাস সংকটের কারণ দেখিয়ে তিন থেকে চার মাসের বেতন বকেয়া রেখেই কারখানাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। ২০ নভেম্বর বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ তা দেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নামেন বলে যোগ করেন তিনি।

ইউএনও বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

আম্বার বোর্ড মিলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক কামরুল ইসলাম শ্রমিকদের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন।

RELATED ARTICLES

Most Popular