মৃত্যুর প্রায় সাড়ে ৭ মাস পর একটি মামলায় আসামি করা হয়েছে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক সামচু ঢালীকে (৭৬)।
পদ্মা সেতু এলাকায় গত ৯ নভেম্বর রাতে বিক্ষোভের ঘটনায় নাশকতা ও ককটেল বিস্ফোরণের অভিযোগের মামলায় তাকে আসামি করা হয়েছে।
আজ রোববার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম দ্য ডেইলি স্টারকে মামলার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা সংলগ্ন নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন, ককটেল বিস্ফোরণ ঘটান এবং ট্রাক ভাঙচুর করেন।
এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে গত ১২ নভেম্বর মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০০-৭০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারের ২১৯ নম্বর আসামি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক সামচু ঢালী।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মৃত্যুসনদ অনুযায়ী সামচু ঢালী গত ২৯ মার্চ স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন।’
সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী ডেইলি স্টারকে বলেন, ‘মৃত্যুর পর আমার বাবাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। শুধু আওয়ামী লীগ করার কারণে মৃত্যুর পরও তাকে মামলার আসামি করা হলো।’
ওসি মো. আব্দুস ছালাম বলেন, ‘গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যের ভিত্তিতে আসামিদের তালিকা করা হয়েছে। মৃত ব্যক্তির নাম আসার বিষয়টি খতিয়ে দেখা হয়নি। তদন্তে সত্যতা মিললে অভিযোগপত্র থেকে তার নাম বাদ দেওয়া হবে।’
পুলিশ জানায়, একই মামলায় নাশকতায় অর্থ জোগানের অভিযোগে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমের কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ পর্যন্ত মামলায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
