Homeস্পোর্টসপাকিস্তানের বিপক্ষে সাদের বিকল্প কে, যা বললেন ডুলি

পাকিস্তানের বিপক্ষে সাদের বিকল্প কে, যা বললেন ডুলি

পাকিস্তানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের মূল একাদশে পরিবর্তন আনতেই হচ্ছে বাংলাদেশকে। চোটের কারণে ছিটকে যাওয়া নির্ভরযোগ্য ডিফেন্ডার সাদ উদ্দিনকে পাচ্ছে না দল। তার অনুপস্থিতিতে রাইট-ব্যাকে কাকে খেলানো হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি টমাস ডুলি। তবে সাদের বিকল্প হিসেবে যিনিই মাঠে নামবেন, তার কাছ থেকেও একই রকমের ধারাল পারফরম্যান্স আশা করছেন বাংলাদেশের প্রধান কোচ।

আগামীকাল শনিবার রাত সাড়ে আটটায় জাতীয় স্টেডিয়ামে সাফের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শিরোপাপ্রত্যাশী বাংলাদেশ। তবে টুর্নামেন্টের বাকি অংশে ২৮ বছর বয়সী সাদকে পাচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিরা। অ্যাকিলিস টেন্ডনে (পায়ের পেছনের দিকের নিচের অংশের পেশি) চোট পেয়েছেন তিনি। বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনের মতে, এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ছয় থেকে আট মাস সময় লাগে।

ঘরের মাঠে ফাইনালে ওঠার লড়াই সামনে রেখে শুক্রবার কিংস অ্যারেনায় অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ডুলি। সাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি হতাশা প্রকাশ করে জবাব দেন, ‘অবশ্যই আমাদের জন্য বিষয়টি খুবই দুঃখজনক। সাদ এমন একজন খেলোয়াড়, যে প্রতিবার মাঠে নামলে নিজের শতভাগ দিয়ে খেলে। এমনকি অনুশীলনেও সে একই রকম নিবেদিত থাকে।’

দলে সাদের গুরুত্ব বোঝাতে তার খেলার ধরনও তুলে ধরেন বাংলাদেশের এই আমেরিকান কোচ। ডান প্রান্তে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও অবদান রাখেন এই ডিফেন্ডার। ডুলির ভাষায়, ‘সে ডান পাশে খুবই শক্তিশালী একজন ডিফেন্ডার। আক্রমণাত্মক মানসিকতা, রক্ষণাত্মক দক্ষতা, টেকনিক ও শারীরিক দৃঢ়তা— সবই তার মধ্যে আছে। আগামীকাল তাকে আমরা অবশ্যই মিস করব।’

তবে একজন খেলোয়াড়ের অনুপস্থিতিকে দলের জন্য বড় বাধা হিসেবে দেখতে চান না ডুলি। যদিও সাদের পরিবর্তে কে পাচ্ছেন একাদশে সুযোগ, তা এখনই প্রকাশ করেননি তিনি, ‘আমাদের এই ঘাটতি অন্য একজন খেলোয়াড় দিয়ে পূরণ করতে হবে। কে সেই খেলোয়াড় হবে, তা নিয়ে আমরা ভাবছি। তবে যে-ই দলে আসুক, আমি নিশ্চিত, সেও সাদের মতো খেলবে এবং দলকে সফল হতে সাহায্য করবে।’

গত বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ের ম্যাচের শেষদিকে চোট পান সাদ। ৮১তম মিনিটে তাকে তুলে নিয়ে বদলি হিসেবে মাঠে নামানো হয় রহমত মিয়াকে। রাইট-ব্যাকে বিকল্প হিসেবে স্কোয়াডে আরও রয়েছেন সাদের ছোট ভাই তাজ উদ্দিন ও বিশ্বনাথ ঘোষ। এছাড়া, তারিক কাজীও খেলতে পারেন এই পজিশনে।

এই দুর্ভাবনার মাঝে বাংলাদেশের জন্য সুখবরও আছে একটি। গ্রুপ পর্বে ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে না পারা নতুন অধিনায়ক ও অভিজ্ঞ সেন্টার-ব্যাক তপু বর্মণ সেরে উঠেছেন। ডুলি বলেন, ‘সে এখন আমাদের সঙ্গে অনুশীলন করছে। সে জানিয়েছে, তার পায়ে এখন আর কোনো ব্যথা নেই। সে স্বাচ্ছন্দ্য বোধ করছে। অর্থাৎ, যখনই আমাদের তাকে প্রয়োজন হবে, সে খেলার জন্য প্রস্তুত।’

RELATED ARTICLES

Most Popular