Homeআন্তর্জাতিকপুতিনকে দনবাসের নিয়ন্ত্রণ দেওয়ার বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব পেয়েছি: জেলেনস্কি

পুতিনকে দনবাসের নিয়ন্ত্রণ দেওয়ার বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব পেয়েছি: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, সাম্প্রতিক আলোচনায় ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র।

গতকাল শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাংবাদিকদের জেলেনস্কি বলেন, আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বিষয়টি তুলেছিলেন এবং এ ধরনের প্রস্তাব এবারই ‘প্রথমবারের মতো’ সামনে এসেছে।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘ বিরতির পর ইউক্রেনে স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। ওই আলোচনায় এই প্রস্তাব দেওয়া হয় বলে জেলেনস্কির দাবি।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরেই অঞ্চলটি দখলে নেওয়ার কথা বলে আসছেন। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরুর কারণ হিসেবে দেশটির সম্ভাব্য ন্যাটো সদস্যপদের বিষয়টি উল্লেখ করেছিলেন তিনি।

দনবাসের বড় একটি অংশ এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। তবে অঞ্চলটিতে মস্কোর স্থল অভিযান বর্তমানে অনেকটাই থেমে আছে।

জেলেনস্কি বলেন, নীতিগতভাবে ইউক্রেন কোনো ভূখণ্ড ছেড়ে দিতে আগ্রহী নয়। তবে একটি ‘সামগ্রিক নিরাপত্তা প্যাকেজ’ পেলে বিষয়টি জনগণের সামনে তুলে ধরবেন।

এই প্যাকেজের মধ্যে ইউক্রেনের শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকবে বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জেলেনস্কি বলেন, ‘এককভাবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নেই। তবে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব প্রয়োজন, যা এখনো আমরা পাইনি।’

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার ও বুধবার আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। তিন পক্ষের এই আলোচনায় মধ্যস্থতা করেন ট্রাম্প প্রশাসনের দুই প্রতিনিধি। তারা হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

কয়েক মাসের মধ্যে দুই পক্ষের অংশগ্রহণে এটিই ছিল প্রথম আলোচনা। তবে কোনো অগ্রগতি ছাড়াই তা শেষ হয়।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কুশনার বলেন, ‘এই আলোচনায় বেশ কয়েকটি নতুন ধারণা উঠে এসেছে, যেগুলো এখন খতিয়ে দেখা হচ্ছে।’

কুশনার বলেন, ‘ইউরোপের নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ন্যাটো থাকবে। ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা জোরদার হবে প্রেসিডেন্ট ট্রাম্প কেবল এমন ব্যবস্থাকে সমর্থন জানাবেন।’

RELATED ARTICLES

Most Popular