পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, যত দ্রুত সম্ভব নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে এবং ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
গতকাল সোমবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা কেন স্থগিত করা হয়েছিল, তা ব্যাখ্যা করতে আজ সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন ছিল। কারণ, সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল।’
মজুরি বোর্ডের কার্যালয়ে আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় সভাটি পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানান চেয়ারম্যান।
শ্রমিকদের নতুন বেতন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং জানুয়ারিতে নতুন বেতন পাবেন বলে তিনি জানান।
১৬ নভেম্বর মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। সেটি স্থগিত হওয়ায় আজ আশুলিয়া, সাভার ও গাজীপুরের মতো প্রধান শিল্পাঞ্চলগুলোতে পোশাকশ্রমিকরা বিক্ষোভ করেন।
চেয়ারম্যান বলেন, নূন্যতম মজুরি চূড়ান্ত হওয়ার পর যেকোনো পক্ষের মতামত, যুক্তি উপস্থাপন বা আপিলের জন্য বোর্ড ১৪ দিন সময় দেবে।
