মাঠের লড়াইয়ে কোনো সমস্যা নেই। টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে উঠেছে ভারত। কিন্তু মাঠের বাইরে সবকিছু ঠিকঠাক চলছে না দলটির। বিশেষ করে হোটেলে খাবারের ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় কোচ নওশাদ মুসা। তার অভিযোগ, প্রতিদিনই একই ধরনের খাবার দেওয়া হচ্ছে ফুটবলারদের।
শুধু ভারত নয়, সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজনে অসন্তুষ্ট মালদ্বীপও। আগের আসরগুলোর সঙ্গে তুলনা করে চলমান টুর্নামেন্টের আতিথেয়তার মান নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির কোচ ইস্তভান উরবানিও।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে ভারত। পাকিস্তানের বিপক্ষে ৩-২ গোলের জয়ের পর টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। তবে মাঠের সাফল্যের মধ্যেও দলের খাবার নিয়ে নিজের অসন্তোষ গোপন রাখেননি ভারতীয় কোচ নওশাদ মুসা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের কোচ বলেন, ‘আতিথেয়তার দিক থেকে সবকিছুই ঠিকঠাক আছে। আমাদের একমাত্র সমস্যা খাবার নিয়ে।’
কেন খাবারের বিষয়টি এত গুরুত্বপূর্ণ, সেটিও ব্যাখ্যা করেছেন মুসা। তার মতে, ম্যাচের দিন ফুটবলাররা সাধারণত খেলার আগে বেশি খাবার খান না। ফলে ম্যাচ শেষে শারীরিক ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য তাদের পর্যাপ্ত ও উপযুক্ত খাবারের প্রয়োজন হয়। কিন্তু হোটেলে সেই চাহিদা অনুযায়ী খাবারের বৈচিত্র্য পাচ্ছেন না তারা।
মুসা বলেন, ‘একটি ম্যাচের পর খেলোয়াড়দের ভালো খাবারের প্রয়োজন। ম্যাচের দিন খেলার আগে তারা খুব বেশি খায় না। তাই ম্যাচ শেষে ঠিকঠাক খাবার পাওয়া জরুরি। কিন্তু হোটেলে ফিরে আমরা প্রতিদিন একই ধরনের খাবার পাচ্ছি।’
সাফের আয়োজনে খাবার ও আবাসন নিয়ে অবশ্য অভিযোগ নতুন নয়। টুর্নামেন্ট শুরুর সময় থেকেই অংশগ্রহণকারী দলগুলোর আতিথেয়তার ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। বিশেষ করে ভারতীয় দলের আবাসন নিশ্চিত করতে দেরি হওয়া নিয়ে শুরুতেই বিতর্ক তৈরি হয়েছিল। ঢাকায় পৌঁছানোর পর হোটেলের কক্ষ পেতে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল তাদের।
সকালের নাশতা নিয়ে যে সমস্যা ছিল, সেটির সমাধান হয়েছে বলে জানান মুসা। তবে দুপুর ও রাতের খাবারের বিষয়টি এখনো পুরোপুরি সমাধান হয়নি। এ নিয়ে ভারতীয় দলের ম্যানেজমেন্ট ও ফুটবল ফেডারেশনের মাধ্যমে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
তবে নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ নেই ভারতীয় কোচের। তার দল ঢাকায় নিরাপত্তাজনিত কোনো সমস্যায় পড়েনি বলে জানিয়েছেন তিনি। যদিও ফুটবলারদের হোটেলের বাইরে বেরিয়ে ঢাকা শহর ঘুরে দেখার অনুমতি দেওয়া হয়নি।
এদিকে মালদ্বীপের কোচ ইস্তভান উরবানিও টুর্নামেন্টের আতিথেয়তার মান নিয়ে অসন্তোষ জানিয়েছেন। ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে আগের সাফ আসরগুলোর সঙ্গে এবারের আয়োজনের তুলনা টানেন তিনি।
তবে সমালোচনা করার আগে বাংলাদেশের আতিথেয়তার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ধন্যবাদও জানিয়েছেন মালদ্বীপ কোচ।
উরবানি বলেন, ‘আমরা যখন মালদ্বীপে জুবিলি টুর্নামেন্ট কিংবা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিলাম, তখন সব দলকে মালের পাঁচ তারকা প্যান প্যাসিফিক হোটেলে রাখা হয়েছিল। দিনে তিনবার যে খাবার দেওয়া হতো, তার মেনু ছিল অবিশ্বাস্য।’
এরপর ঢাকার আয়োজনের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘এখানে কিছুটা পিছিয়ে আছে, এভাবেই বলা যায়।’
তবে খাবারের ব্যবস্থা সরাসরি মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলছে বলে মনে করেন না মালদ্বীপ কোচ। তার মতে, মাঠের বাইরের নানা বিষয় ফুটবলারদের ওপর চাপ তৈরি করতে পারে। কিন্তু শুধু খাবারের কারণে দলের পারফরম্যান্স খারাপ হচ্ছে, এমন দাবি করতে চান না তিনি।
ভারত ও মালদ্বীপের কোচের এমন অভিযোগের পর সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজনের দায়িত্ব কার, সেই প্রশ্নও সামনে এসেছে।
মূলত দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) টুর্নামেন্টটির প্রধান আয়োজক। অন্যদিকে স্বাগতিক দেশের ফুটবল ফেডারেশন হিসেবে বাফুফে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে। টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব পাওয়া টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট দলগুলোর আবাসন, যাতায়াতসহ আয়োজনের বিভিন্ন কার্যক্রম তদারক করছে।
এদিকে মাঠের বাইরের সমস্যা থাকলেও দলের পারফরম্যান্সে তার প্রভাব পড়তে দিতে চান না ভারতীয় কোচ। বিশেষ করে টুর্নামেন্টের মাঝপথে দলে একাধিক পরিবর্তন আসায় এমনিতেই কঠিন পরিস্থিতি সামলাতে হচ্ছে তাকে।
মুসা জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর পাঁচজন ফুটবলার দেশে ফিরে গেছেন। নতুন করে যোগ দিয়েছেন আরও ১০ জন। তাদের নিয়ে মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছেন তিনি। এ ছাড়া নিউজিল্যান্ড সফরে ভারতের জাতীয় দলের সঙ্গে যোগ দিতে আরও দুজন ফুটবলার ঢাকা ছেড়েছেন।
এত পরিবর্তনের পরও দলের ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছেন মুসা, ‘একজন কোচ হিসেবে আমার কাজ হলো কী হচ্ছে না, তা নিয়ে দুশ্চিন্তা না করে সমাধান খুঁজে বের করা। আমার হাতে যা আছে, তা নিয়েই কাজ করতে হবে। এখন যারা আছে, তাদের কীভাবে একটি দল হিসেবে খেলাতে পারি, সেটিই আমার মূল ভাবনা।’
এবারের সাফে ভারত মূল জাতীয় দল নিয়ে আসেনি। অনূর্ধ্ব-২৩ দলের কোচ মুসার অধীনে অপেক্ষাকৃত তরুণ ফুটবলারদের নিয়ে খেলছে তারা। তারপরও গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
আগামী শনিবার সেমিফাইনালে মাঠে নামবে ভারত। প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ রাতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ফলের ওপর। সেই ম্যাচ দেখেই পরবর্তী পরিকল্পনা সাজাবেন বলে জানিয়েছেন মুসা, ‘যার বিপক্ষেই খেলতে হোক, আগে ম্যাচটি দেখব। এরপর সেই অনুযায়ী প্রস্তুতি নেব। তবে সত্যি বলতে, যে দলই প্রতিপক্ষ হোক না কেন, আমাদের সতর্ক থাকতে হবে।’
