Homeসারাদেশপ্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট: ইসি

প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট: ইসি

আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।

আজ সোমবার ইসির ১৪তম কমিশন সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে ধাপভিত্তিক নির্বাচনের সম্ভাব্য সংখ্যা তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসির পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পঞ্চম ধাপে তুলনামূলক কমসংখ্যক ইউনিয়ন পরিষদ রাখার কারণ ব্যাখ্যা করে সানাউল্লাহ বলেন, ‘পঞ্চম ধাপে আমরা ইচ্ছাকৃতভাবেই সংখ্যাটি কম রেখেছি, যাতে ওই সময়ের মধ্যে অন্য কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপযোগী হলে সেগুলোকে এখানে সমন্বয় করা যায়। আইনি জটিলতা বা অন্যান্য কারণে বর্তমানে কিছু ইউপির নির্বাচন আটকে আছে।’

সানাউল্লাহ বলেন, ‘বৃহস্পতিবারের মধ্যে আমাদের ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কোন তারিখে ভোট হবে, তা প্রকাশ করতে পারব বলে আশা করছি।’ তালিকা প্রকাশের পর ভোটার ও সংশ্লিষ্ট অংশীজনেরা ওয়েবসাইটে গিয়ে ইউনিয়ন পরিষদের নাম ও নির্বাচনের ধাপ জানতে পারবেন।

ইউপি নির্বাচন শুরুর আগে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে ইসি। এ বিষয়ে সানাউল্লাহ বলেন, ‘কয়েকটি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ব্যাপারে আলোচনা হয়েছে। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর আগে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করব, যেমনটি জাতীয় নির্বাচনের আগে করেছিলাম। আগামী ১০ ডিসেম্বরের আগেই এই সংলাপ অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোকে তাদের নিবন্ধনের ক্রমিক নম্বর অনুযায়ী তিন দিন ধরে আমন্ত্রণ জানাব।’

স্থানীয় সরকার নির্বাচন কীভাবে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, আলোচনায় সেটিই গুরুত্ব পাবে বলে জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য রাজনৈতিক কর্মসূচি জানুয়ারিতে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ‘আমাদের মনে হয় না এগুলো স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে। বরং কিছু ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সহায়ক হতে পারে।’

RELATED ARTICLES

Most Popular