প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট-চেকিং উদ্যোগ ‘বাংলাফ্যাক্ট’।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এম রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান।
তিনি জানান, সংবাদপত্র, টেলিভিশনের অনুকরণে প্রোপাগান্ডা ও অপতথ্য প্রচার করে এমন ১৯টি ওয়েবসাইট চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট। বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে এমন ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে ৮ শতাধিক এবং এক্স অ্যাকাউন্ট শতাধিক।
প্রতিমন্ত্রী বলেন, অনলাইনে ছড়ানো ভুয়া তথ্য, অপতথ্য, বিদ্বেষমূলক বক্তব্য এবং চরিত্রহরণের প্রচেষ্টার বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ডিজিটাল কার্যক্রম ‘বাংলাফ্যাক্ট’ সক্রিয় রয়েছে।
তিনি বলেন, অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে ৫৫২টি করা হয়েছে এই সরকার দায়িত্ব নেওয়ার পর।
তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া বিষয়গুলোর ওপর ফিচার ও জনসচেতনতামূলক বার্তা তথ্য অধিদপ্তরের দাপ্তরিক ফেসবুক ও জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত প্রকাশ করা হয়।
বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী লিখিত উত্তরে জানান, দেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল রয়েছে চারটি। এ ছাড়া ৫৬টি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে, যার মধ্যে ৩৯টি বর্তমানে সম্প্রচারে রয়েছে। পাশাপাশি মোট ১৬টি আইপি টেলিভিশন চ্যানেলও অনুমোদন পেয়েছে।
মন্ত্রী জানান, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন একটি চলমান প্রক্রিয়া এবং যেকোনো নতুন আবেদন সরকারের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই সাপেক্ষেই অনুমোদন দেওয়া হয়।
বিএনপির সংসদ সদস্য রেজা আহমেদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে জনপ্রিয় অভিনয়শিল্পীদের নিয়ে বিশেষ নাটক, ধারাবাহিক নাটক, দেশে নির্মিত কার্টুন, ডাবিং করা কার্টুন এবং তুরস্ক ও ইরানসহ বিভিন্ন বিদেশি ধারাবাহিকের ডাবিং সংস্করণ সংগ্রহ ও সম্প্রচার করা।
তিনি বলেন, পেশাদার প্রযোজনা ও কনটেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বাণিজ্যিকভাবে নির্মিত মানসম্মত অনুষ্ঠান কিনে সম্প্রচার করা হলে তা বিটিভির দর্শকসংখ্যা এবং বিজ্ঞাপন আয়—উভয়ই বাড়াতে সহায়তা করবে।
