খাবারদাবারের ক্ষেত্রে স্বাদের পাশাপাশি ফিটনেসের কথা ভাবেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। শরীরচর্চা ও খাবারের বিষয়ে বেশ সচেতন তিনি। সম্প্রতি এক পডকাস্টে নিজের খাবারের পছন্দ-অপছন্দ নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। রাকুল জানিয়েছেন, ভারতের জনপ্রিয় কয়েকটি খাবার তিনি এড়িয়ে চলেন।
‘দ্য রণবীর শো’ পডকাস্টে রাকুল জানান, কোনো খাবার একেবারেই পছন্দ না হলেও অন্তত একবার চেখে দেখেন তিনি।

তার কথায়, ‘আমার একটা অভ্যাস হলো, যেকোনো খাবার অন্তত এক কামড় খেয়ে দেখি।’
তবে কয়েকটি খাবারের প্রতি তার বিশেষ আগ্রহ নেই। তালিকায় প্রথমেই আছে জিলাপি। অথচ তার মায়ের খুব পছন্দের খাবার এটি। রাকুল বলেন, ‘জিলাপির ব্যাপারটা আমি বুঝি না। যদিও এটা আমার মায়ের খুব পছন্দের।’
দিল্লিতে বড় হয়েছেন রাকুল। সেখানে ছোলে ভাটুরে বেশ জনপ্রিয় খাবার। কিন্তু এই খাবারেও তার পছন্দ আলাদা। ছোলার তরকারি খেলেও সঙ্গে থাকা ভাটুরা খান না তিনি। ভাটুরা মূলত তেলে ভাজা একধরনের রুটি।

এ ছাড়া পেঁয়াজু, পাকোড়া ও ব্রেড পাকোড়ার মতো ভাজাপোড়াও পছন্দ করেন না অভিনেত্রী। বিশেষ করে তেলে ভাজা খাবার থেকে দূরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
তবে তার খাবারের তালিকায় সবচেয়ে চমকপ্রদ নাম বাটার চিকেন। একবার একটি রেস্তোরাঁয় এই খাবার তৈরির পদ্ধতি দেখেছিলেন রাকুল। সেখানে রান্নায় চারটি বাটার কিউব ব্যবহার করতে দেখে অবাক হন তিনি। এরপর থেকেই বাটার চিকেন খাওয়ার আগ্রহ কমে গেছে তার।

হাসতে হাসতে রাকুল বলেন, ‘আমি জিমে টানা চার দিন ব্যায়াম করেও এই খাবারের ক্যালরি ঝরাতে পারব না।’
চিজকেকের ক্ষেত্রেও একই অভিজ্ঞতা হয়েছে তার। একবার সামনে দাঁড়িয়ে চিজকেক তৈরি করতে দেখেছিলেন। তাতেই খাবারটি নিয়ে আগ্রহ হারান।
রাকুলের কথায়, ‘একবার চিজকেক তৈরি করতে দেখেছিলাম। এরপর শপথ করেছি, আর চিজকেক খাব না।’

তবে এসব খাবার একেবারেই চেখে দেখেন না, এমন নয়। বরং খাবারের উপকরণ ও তৈরির পদ্ধতি জানার পর কোনটি খাবেন, সে বিষয়ে সচেতন থাকেন রাকুল।
তার কথায়, স্বাদের পাশাপাশি খাবারের পেছনে কতটা ক্যালরি যাচ্ছে, সেটিও ভাবতে হয়।
