অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ভারত অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটার আর্যবীর শেবাগ। ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রে শেবাগের ছেলে আর্যবীর জানান, এই ম্যাচে বড় শতরান করবেন বলে বাবাকে কথা দিয়েছিলেন তিনি, মঙ্গলবার ১৬৮ বলে ১৬০ রানের ইনিংস খেলে সেই কথাটিই তিনি রেখেছেন।
তার এই দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করেই আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। ম্যাচ শেষে আর্যবীর বলেন, ‘আমি বড় একটা ইনিংস খেলতে চেয়েছিলাম। আজ বড় রান করব বলে একজনকে কথা দিয়েছিলাম এবং ভাগ্যিস তা করতে পেরেছি। আর সেই মানুষটি হলেন আমার বাবা (বীরেন্দ্রে শেবাগ)। বাবাকে বলেছিলাম একটা বড় সেঞ্চুরি উপহার দেব। কারণ তিনি সব সময় বড় সেঞ্চুরিই পছন্দ করেন, তাই বাবার সেই ঐতিহ্য আমাকে বজায় রাখতে হবে।’
ইনিংসে নিজের প্রথম রানটি করতেই আর্যবীরের লেগেছিল ১৪টি বল। এরপর ৬৯ বলে পূর্ণ করেন অর্ধশতক। আর যুব ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি স্পর্শ করেন ১৩১ বলে।
পিচের পরিস্থিতি নিয়ে আর্যবীর বলেন, ‘উইকেট কিছুটা স্পিন করছিল। তাই শুরু থেকেই সিদ্ধান্ত নিই লম্বা ইনিংস খেলব এবং অন্তত ৪০ ওভারের মতো ব্যাট করব। উইকেটে কিছুটা চ্যালেঞ্জ ছিল। তবে ডট বল নিয়ে আমি মোটেও চিন্তিত ছিলাম না, কারণ জানতাম পরে রানটা পুষিয়ে নিতে পারব।’
শুরুর দিকে দেখে শুনে খেলা আর্যবীর ইনিংসের ১৪ নম্বর বলে চারের মার মেরে খাতা খোলেন। নেপালের বিপক্ষে ১০ উইকেটে জয়ের ম্যাচে অবিচ্ছিন্ন ৭২ রানের পর এটি ছিল টুর্নামেন্টে তার দ্বিতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
১৩১ বলে সেঞ্চুরি পূরণ করার পরই যেন রুদ্ররূপ ধারণ করেন আর্যবীর। আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে শেষ পর্যন্ত তার ১৬৮ বলের ইনিংসটি সাজান ১৭টি চার ও ৭টি দৃষ্টিনন্দন ছক্কায়। ৪৫তম ওভারে মাঝারি গতির বোলার নাসিম খানের বল মিড-উইকেটের ওপর দিয়ে মারতে গিয়ে বৃত্তের ভেতরে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ততক্ষণে ভারতের রান গিয়ে দাঁড়ায় ২৫৫। শেষ পর্যন্ত ভি কে ভিনীদের ৬৭ রানের (৬৯ বল) ওপর ভর করে ৭ উইকেটে ৩০৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারতের যুবরা।
৩১০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে আহমেদ খুদাবাদের ৭৪ রান (৭৪ বল) সত্ত্বেও কখনোই জয়ের লড়াইয়ে ফিরতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। শেষ পর্যন্ত ২৩৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
