বিএনপির একটি স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্যের পর পদ হারালেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান।
তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একইসঙ্গে নতুন নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব থেকে সরানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওই মন্তব্য করেন মসিউর রহমান।
সেদিনের অনুষ্ঠানে ‘করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিস হিসেবে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্লোগানটি দিয়েছেন, সেটিকে আমি হাদিস বললে অনেকে হয়তো মনে করবেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য তাকে তেল মারছি। কিন্তু আমি বলব, এটি একটি শাশ্বত বাণী।’
তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় হাদিসের সঙ্গে তুলনা করার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের দায়িত্বশীল একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, আপাতত তাকে প্রত্যাহার করা হয়েছে। তার চুক্তি বাতিল করা হতে পারে।
মন্তব্য জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী আজ বুধবার ডেইলি স্টারকে বলেন, ‘আপাতত তাকে মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পরবর্তী কোনো ব্যবস্থা নেওয়া হলে সেটাও জানতে পারবেন।’
